নির্বাচনব্যবস্থায় পরিবর্তনের ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, দিনের ভোট রাতে হওয়া, ডামি নির্বাচন কিংবা আগের রাতেই ফলাফল নির্ধারণের মতো পরিস্থিতি আর ফিরে আসবে না। ঠাকুরগাঁওয়ের নির্বাচন নির্বাচনব্যবস্থায় পরিবর্তনের একটি দৃষ্টান্ত স্থাপন করেছে বলেও মন্তব্য করেন তিনি। তাঁর মতে, নির্বাচনব্যবস্থায় যে পরিবর্তনের সূচনা হয়েছে, তা রাষ্ট্রের অন্যান্য ক্ষেত্রেও বাস্তবায়ন করতে হবে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় ঠাকুরগাঁও জেলা আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভায় বক্তব্য দিতে গিয়ে মন্ত্রী এসব কথা বলেন। এ সময় তিনি দেশের গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্ব দেন এবং বলেন, একটি গণতান্ত্রিক সরকারব্যবস্থা দীর্ঘমেয়াদে কার্যকর থাকলে দেশের সার্বিক উন্নয়নের পথ আরও সুগম হবে।
মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, নির্বাচনব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন এসেছে, যার প্রমাণ ঠাকুরগাঁওয়ের নির্বাচন। তবে শুধু নির্বাচনব্যবস্থার পরিবর্তনেই সীমাবদ্ধ থাকলে চলবে না। রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে এ পরিবর্তনের প্রতিফলন ঘটাতে হবে। প্রশাসনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে প্রয়োজনীয় সংস্কার ও পরিবর্তন নিশ্চিত করা গেলে দেশের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে।
তিনি আরও বলেন, গণতান্ত্রিক সরকারব্যবস্থা দীর্ঘ সময় ধরে অব্যাহত থাকলে দেশের উন্নয়নের জন্য স্থিতিশীল পরিবেশ তৈরি হবে। এর ফলে রাষ্ট্রের বিভিন্ন খাতে পরিকল্পিত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা সম্ভব হবে। তাই গণতান্ত্রিক ব্যবস্থার ধারাবাহিকতা রক্ষা এবং রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন আনা জরুরি।
সভায় ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফয়সল আমিন, জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হকসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও প্রশাসনিক সমন্বয়ের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।









মন্তব্য
এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।