মূল লেখায় যান
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ · ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
প্রিয় চট্টগ্রাম

চোরাই রাবারের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে যুবলীগের প্রাণনাশের হুমকি

চোরাই রাবার উদ্ধারের ঘটনায় সংবাদ প্রকাশের জেরে চট্টগ্রামের ফটিকছড়িতে এক সংবাদকর্মীকে প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে।

চোরাই রাবারের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে যুবলীগের প্রাণনাশের হুমকি

চোরাই রাবার উদ্ধারের ঘটনায় সংবাদ প্রকাশের জেরে চট্টগ্রামের ফটিকছড়িতে এক সংবাদকর্মীকে প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে।

এ ঘটনায় নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে ভূজপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন দৈনিক সাঙ্গুর ফটিকছড়ি উত্তর উপজেলার নিজস্ব প্রতিনিধি আজগর সালেহী।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে তিনি এ জিডি করেন। এতে মো. জাহেদুল ইসলাম নামে এক যুবলীগ নেতাকে অভিযুক্ত করেছেন তিনি।জাহেদুল সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আবু তৈয়বের সহযোগী হিসবে পরিচিত।

জিডি সূত্রে জানা যায়, গত ২০ অক্টোবর চট্টগ্রাম নগরে পাচারের সময় একটি কাভার্ডভ্যান থেকে প্রায় সাড়ে চার হাজার কেজি চোরাই রাবার উদ্ধার করে দাঁতমারা পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়। পরে ভূজপুর থানায় চুরির মামলা হয়।

এ ঘটনায় দৈনিক সাঙ্গুতে সংবাদ প্রকাশ করেন আজগর সালেহী। তার অভিযোগ, ওই সংবাদ প্রকাশের জেরে ২১ অক্টোবর রাত ১০টা ১২ মিনিট ও ১০টা ১৪ মিনিটে ০১৭৭৭৪০৭৭৭৭ নম্বর থেকে তাকে হোয়াটসঅ্যাপে ফোন করা হয়। এ সময় তাকে তুলে নিয়ে হত্যা এবং মরদেহ গুম করার হুমকি দেওয়া হয়।

জিডিতে আজগর সালেহী উল্লেখ করেন, ফোনে ওই ব্যক্তি নিজেকে আবু তৈয়বের অনুসারী হিসেবে পরিচয় দেন এবং তাদের সংঘবদ্ধ বাহিনী রয়েছে বলে দাবি করেন।

ভবিষ্যতে সংবাদ সংগ্রহের কাজে উত্তর ফটিকছড়িতে গেলে তাকে তুলে নেওয়ার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ তার।

অভিযুক্ত জাহেদুল ইসলাম ফটিকছড়ির দাঁতমারা ইউনিয়নের হাসনাবাদ গ্রামের বাসিন্দা। তিনি মো. রফিকের ছেলে।

আজগর সালেহী বলেন, পেশাগত দায়িত্ব পালন ও সংবাদ প্রকাশের কারণে এ ধরনের হুমকি তার ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি করেছে। এতে স্বাধীনভাবে সংবাদ সংগ্রহ ও প্রকাশের ক্ষেত্রেও শঙ্কা দেখা দিয়েছে।

এ বিষয়ে ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. লিটন মিয়া বলেন, জিডিটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য একজন উপপরিদর্শককে (এসআই) দায়িত্ব দেওয়া হয়েছে।

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০