চট্টগ্রাম নগরের চন্দনপুরায় ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ডিজিটাল ডট নেটের (ডিডিএন) কার্যালয়ে হামলা ও ভাঙচুরের মামলায় মো. রাজ্জাক ওরফে চিকনা রাজুকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তাঁকে শনাক্ত করা হয় বলে জানিয়েছে চকবাজার থানা-পুলিশ।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে নগরের চান্দগাঁও থানার টেকবাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, হামলার সময় দেশীয় অস্ত্র হাতে সবার আগে কার্যালয়ে ঢুকে ভাঙচুর শুরু করেন রাজ্জাক।
পুলিশ জানায়, গত ১১ জুলাই ডিডিএনের স্বত্বাধিকারী আদিল বিন মামুনের কাছে হোয়াটসঅ্যাপে ফোন করে এককালীন দুই কোটি টাকা এবং প্রতি মাসে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ১৩ জুলাই দুপুরে ৩০ থেকে ৪০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে কার্যালয়ে হামলা চালায় বলে অভিযোগ রয়েছে।
নগরের চন্দনপুরা এলাকার মরিয়ম হাইটস ভবনের তৃতীয় তলায় অবস্থিত কার্যালয়টিতে হামলাকারীরা আসবাবপত্র, কাচের দরজা ও বিভিন্ন সরঞ্জাম ভাঙচুর করে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় ১৩ জুলাই চকবাজার থানায় মামলা হয়।
চকবাজার থানার উপপরিদর্শক (এসআই) মো. মনোয়ার হোসেন জানান, মামলার তদন্তে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে রাজ্জাককে শনাক্ত করা হয়। ফুটেজে তাঁকে দেশীয় অস্ত্র হাতে প্রথমে কার্যালয়ে প্রবেশ করে কাচের দরজা ও আসবাবপত্র ভাঙচুর করতে দেখা গেছে বলে জানান তিনি। পরে সহযোগীদের নিয়ে কার্যালয়ের অন্যান্য সরঞ্জামও ভাঙচুর করেন রাজ্জাক।
পুলিশের তথ্য অনুযায়ী, রাজ্জাক ভোলা জেলার চরফ্যাশন থানার আসলামপুর ফরাজী বাড়ির ছেলে। তিনি নগরের চান্দগাঁও থানার টেকবাজার এলাকার পুলসংলগ্ন রিয়াদ কলোনিতে বসবাস করেন।









মন্তব্য
এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।