চট্টগ্রামকে বাণিজ্যিক ও বিনোয়োগবান্ধব আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ঢাকার মার্কিন দূতাবাসের বাণিজ্য প্রতিনিধিদলের সঙ্গে চসিক প্রশাসক ডা. শাহাদাত হোসেনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে নগরীর মশকনিধনে আধুনিক প্রযুক্তির প্রয়োগ এবং ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণে মার্কিন সহযোগিতার সম্ভাবনা উঠে এসেছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) চট্টগ্রাম সিটি কর্পোরেশন কার্যালয়ে অনুষ্ঠিত এ দ্বিপাক্ষিক সভায় মার্কিন দূতাবাসের কমার্শিয়াল কাউন্সেলর পল ফ্রস্ট (Paul Frost), কমার্শিয়াল স্পেশালিস্ট মাশহুর আলম শেঠ এবং হোটেল আগ্রাবাদ গ্রুপের প্রধান নির্বাহী মোহাম্মদ ইরাদ আলী উপস্থিত ছিলেন।
বৈঠকে বিশেষ করে চসিকের চলমান ব্যাসিলাস থুরিনজিয়েনসিস ইসরায়েলেনসিস (BTI) প্রযুক্তিনির্ভর মশকনিধন কার্যক্রমকে আরও জোরদার করতে মার্কিন যুক্তরাষ্ট্রের বিটিআই ডাঙ্কস (Bti Dunks) ও বিটিআই বিটস (Bti Bits) প্রয়োগের কৌশল তুলে ধরে প্রতিনিধিদল। এ প্রযুক্তিতে ছোট ছোট নালা কিংবা জলাশয়ে ছিটানো দানাদার জৈব উপাদান দীর্ঘমেয়াদে পরিবেশের ক্ষতি না করে মশার লার্ভা ধ্বংস করে।
চসিক প্রশাসক ডা. শাহাদাত হোসেন জানান, পোর্ট সিটি হিসেবে চট্টগ্রামের বিশাল অর্থনৈতিক সম্ভাবনা রয়েছে। বন্দর ও যোগাযোগ অবকাঠামোর উন্নয়নের পাশাপাশি নগরবাসীকে মশার উপদ্রব ও রোগবালাই থেকে মুক্ত রাখতে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত আবশ্যক। এ ক্ষেত্রে মার্কিন প্রযুক্তির পাশাপাশি আধুনিক তথ্যনির্ভর নজরদারির কৌশল চট্টগ্রামের জনস্বাস্থ্য সুরক্ষায় বড় ভূমিকা রাখতে পারে।
মার্কিন দূতাবাসের কমার্শিয়াল কাউন্সেলর পল ফ্রস্ট চট্টগ্রামে বিনিয়োগ ও উন্নত প্রযুক্তি সরবরাহে সহায়তার আশ্বাসের পাশাপাশি ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে চসিকের উদ্যোগে সার্বিক প্রযুক্তিগত সহযোগিতা অব্যাহত রাখার অভিপ্রায় ব্যক্ত করেন।









মন্তব্য
এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।