চট্টগ্রামের হাটহাজারীতে ১০০টি হতদরিদ্র পরিবারকে ২০ লাখ টাকা নগদ আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। আন্তর্জাতিক দাতব্য সংস্থা উম্মাহ ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের সহযোগিতায় ভূমি মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীনের উদ্যোগে এ সহায়তা দেওয়া হয়।
বুধবার (৪ নভেম্বর) হাটহাজারীতে প্রতিমন্ত্রীর নিজ বাসভবনে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন তিনি। এ সময় প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের ভাগ্যবঞ্চিত ও হতদরিদ্র মানুষের জীবনমান পরিবর্তনের মাধ্যমে উন্নত, আত্মনির্ভরশীল ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সরকার কাজ করছে। এ লক্ষ্য অর্জনে দেশের সর্বস্তরের মানুষের সক্রিয় সহযোগিতা প্রয়োজন।
তিনি আরও বলেন, সমাজের অবহেলিত ও প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়ে তাদের মুখে হাসি ফোটানো সরকারের অন্যতম অগ্রাধিকার। সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি ও সামাজিক সংস্থাগুলোর এ ধরনের সহায়তা দুস্থ পরিবারগুলোর পুনর্বাসন ও জীবনযাত্রার মানোন্নয়নে ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে ১০০টি পরিবারের প্রত্যেককে নগদ ২০ হাজার টাকা করে দেওয়া হয়। এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, সামাজিক নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সহায়তা পেয়ে উপকারভোগীরা সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান।









মন্তব্য
এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।