মূল লেখায় যান
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ · ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
প্রিয় চট্টগ্রাম

চট্টগ্রাম-নাজিরহাট রুটে চালু হচ্ছে ২ জোড়া কমিউটার ট্রেন

চট্টগ্রাম-নাজিরহাট রেলপথে যাত্রীসেবা বাড়াতে দুই জোড়া কমিউটার ট্রেন চালুর অনুমোদন দিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এ জন্য এ রুটে চলাচলকারী দুই জোড়া লোকাল ট্রেনকে কমিউটার ট্রেনে রূপান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন ট্রেনগুলোর নাম দেওয়া হয়েছে ‘নাজিরহাট কমিউটার-১, ২

চট্টগ্রাম-নাজিরহাট রুটে চালু হচ্ছে ২ জোড়া কমিউটার ট্রেন

চট্টগ্রাম-নাজিরহাট রেলপথে যাত্রীসেবা বাড়াতে দুই জোড়া কমিউটার ট্রেন চালুর অনুমোদন দিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এ জন্য এ রুটে চলাচলকারী দুই জোড়া লোকাল ট্রেনকে কমিউটার ট্রেনে রূপান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন ট্রেনগুলোর নাম দেওয়া হয়েছে ‘নাজিরহাট কমিউটার-১, ২, ৩ ও ৪’। প্রতিটি ট্রেনে থাকবে সাতটি কোচ এবং আসনসংখ্যা ৩৩৪টি।

রেলওয়ে সূত্রে জানা গেছে, গত রবিবার (১৫ নভেম্বর) বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের কার্যালয়ের ট্রাফিক ট্রান্সপোর্টেশন শাখা থেকে এ সংক্রান্ত অনুমোদন দেওয়া হয়। উপপরিচালক (ট্রাফিক ট্রান্সপোর্টেশন) মো. মেহেদী হাসানের স্বাক্ষরিত চিঠিতে চট্টগ্রাম-নাজিরহাট-চট্টগ্রাম রুটে দুই জোড়া লোকাল ট্রেনকে কমিউটার ট্রেনে রূপান্তরের প্রস্তাব অনুমোদনের কথা জানানো হয়। একই সাথে সাতটি কোচের রেক গঠন করে ট্রেন পরিচালনার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) রেলওয়ে পূর্বাঞ্চলের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্টের কার্যালয় থেকে এ রুটে ট্রেনের ভাড়া ১২ টাকা থেকে বাড়িয়ে ২০ টাকা নির্ধারণ করা হয়েছে।

রেলওয়ের তথ্য অনুযায়ী, প্রতিটি ট্রেনে পাঁচটি শোভন শ্রেণির কোচ, একটি পাওয়ার কার ও একটি সিটিং কাম লাগেজ (এসএলআর) কোচ থাকবে। পাঁচটি শোভন কোচে ৬০টি করে মোট ৩০০টি আসন এবং এসএলআর কোচে ৩৪টি আসন থাকবে। সব মিলিয়ে প্রতিটি ট্রেনে যাত্রীদের জন্য আসন থাকবে ৩৩৪টি।

নতুন সময়সূচি অনুযায়ী, ২২২ নম্বর ট্রেন নাজিরহাট থেকে সকাল ৬টায় ছেড়ে চট্টগ্রাম পৌঁছাবে সকাল ৭টা ৩৫ মিনিটে। ২২১ নম্বর ট্রেন চট্টগ্রাম থেকে সকাল ৮টা ৩০ মিনিটে ছেড়ে নাজিরহাট পৌঁছাবে সকাল ১০টা ১০ মিনিটে।

অন্যদিকে, ২২৪ নম্বর ট্রেন নাজিরহাট থেকে সকাল ১০টা ৪০ মিনিটে ছেড়ে চট্টগ্রাম পৌঁছাবে দুপুর ১২টা ১০ মিনিটে। আর ২২৩ নম্বর ট্রেন চট্টগ্রাম থেকে বিকেল ৫টা ৪৫ মিনিটে ছেড়ে নাজিরহাট পৌঁছাবে সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে।

রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান পরিচালন কর্মকর্তা মোহাম্মদ সফিকুর রহমান বলেন, লোকাল ট্রেন কমিউটার ট্রেনে রূপান্তর হওয়ায় যাত্রীসেবার মান বাড়বে। নতুন রেকে পাওয়ার কার যুক্ত হওয়ায় ট্রেনের আলো ও পাখা সচল থাকবে। পাশাপাশি শৌচাগারের সুবিধা এবং উন্নত কোচ পাওয়া যাবে।

চট্টগ্রাম-নাজিরহাট রুটে নিয়মিত ট্রেন চলাচলের দাবি দীর্ঘদিনের। গত ৮ সেপ্টেম্বর চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর চট্টগ্রাম থেকে নাজিরহাট পর্যন্ত নিয়মিত ট্রেন চলাচল পুনরায় চালুর দাবি জানান। একই সাথে নাজিরহাট থেকে ফটিকছড়ির ভূজপুর, নারায়ণহাট, দাঁতমারা, হেঁয়াকো ও বাগানবাজার হয়ে সীমান্তবর্তী রামগড় পর্যন্ত রেলপথ সম্প্রসারণের দাবিও তোলেন তিনি।

জাতীয় সংসদের স্পিকার বরাবর দেওয়া এক নোটিশে সরোয়ার আলমগীর উল্লেখ করেন, চট্টগ্রাম-নাজিরহাট রেলপথ ফটিকছড়ি অঞ্চলের মানুষের যোগাযোগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত ট্রেন চলাচল না থাকায় শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী ও রোগীদের সড়কপথের ওপর নির্ভর করতে হচ্ছে। এতে তাদের যাতায়াতে সময় ও খরচ দুটোই বাড়ছে।

তিনি আরও উল্লেখ করেন, ফটিকছড়ির কৃষি, চা ও রাবারশিল্পের উৎপাদিত পণ্য কম খরচে পরিবহনে কার্যকর রেল যোগাযোগ প্রয়োজন। পাশাপাশি রামগড় পর্যন্ত রেলপথ সম্প্রসারণ করা গেলে সীমান্ত বাণিজ্য, বিনিয়োগ ও কর্মসংস্থানের নতুন সম্ভাবনা তৈরি হতে পারে।

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০