নগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সতর্ক রয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী। অন্যদিকে, নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনের নাম ব্যবহার করে নগরীতে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান।
সোমবার (১৬ নভেম্বর) বিকেল ৪টায় নগরের দামপাড়ায় সিএমপি সদর দপ্তর ও কমিশনারের কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তাঁরা এসব কথা বলেন। সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলীর সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন উপপুলিশ কমিশনার ওয়াহিদুল হক চৌধুরী।
সভায় সিএমপি কমিশনার বলেন, নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করছে। যেকোনো ধরনের সন্ত্রাস, নৈরাজ্য ও বিশৃঙ্খলা মোকাবিলায় পুলিশ প্রস্তুত রয়েছে। এ ক্ষেত্রে নগরবাসীর সচেতনতা ও সহযোগিতাও প্রয়োজন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর তথ্যে কান না দিয়ে যাচাই-বাছাই করে দায়িত্বশীল আচরণের আহ্বান জানান তিনি। পাশাপাশি নগরীর কোথাও অপ্রীতিকর পরিস্থিতি বা বিশৃঙ্খলার আশঙ্কা দেখা দিলে সঠিক তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার অনুরোধ জানান।
নাজিমুর রহমান বলেন, নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনের নাম ব্যবহার করে কেউ যেন নগরীতে বিশৃঙ্খলা ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক ও কার্যকর ভূমিকা পালন করতে হবে। কোনো সংগঠনের নাম ব্যবহার করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা গ্রহণযোগ্য নয়। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের রাজনৈতিক বা সাংগঠনিক পরিচয় বিবেচনা না করে চিহ্নিত ও দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
সভায় চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিয়া ভোলা, অ্যাডভোকেট আবদুস সাত্তার, কাজী বেলাল উদ্দিন, হারুন জামান, আর ইউ চৌধুরী শাহীন, শওকত আজম খাজা, ইয়াছিন চৌধুরী লিটন, আহমেদুল আলম চৌধুরী রাসেল, মহানগর পিপি অ্যাডভোকেট মফিজুল হক ভূঁইয়া এবং বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট তারেক আহমেদ উপস্থিত ছিলেন।









মন্তব্য
এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।