মূল লেখায় যান
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ · ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
প্রিয় চট্টগ্রাম

একসময় রাস্তায় ময়লা পরিষ্কার করবে রোবট: চসিক মেয়র

বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতিতে ভবিষ্যতে বাংলাদেশেও রোবট দিয়ে রাস্তার ময়লা পরিষ্কার করা সম্ভব হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, রোবটিক সার্জারির মতো প্রযুক্তির ব্যবহার ইতিমধ্যে শুরু হয়েছে। রোবট দিয়ে রাস্তা

একসময় রাস্তায় ময়লা পরিষ্কার করবে রোবট: চসিক মেয়র

বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতিতে ভবিষ্যতে বাংলাদেশেও রোবট দিয়ে রাস্তার ময়লা পরিষ্কার করা সম্ভব হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, রোবটিক সার্জারির মতো প্রযুক্তির ব্যবহার ইতিমধ্যে শুরু হয়েছে। রোবট দিয়ে রাস্তা পরিষ্কারের দিনও বেশি দূরে নয়।

শনিবার (২৪ অক্টোবর) চট্টগ্রামের বাংলাদেশ মহিলা সমিতি উচ্চবিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে বিএফএফ-সমকাল জাতীয় স্কুল বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতার চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মেয়র বলেন, তথ্য ও প্রযুক্তির ক্ষেত্রে নির্ভুল তথ্য প্রকাশ করা জরুরি। সঠিক তথ্য না পেলে সমাজ ও জাতি সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। বিজ্ঞানমনস্ক ও যুক্তিবাদী নতুন প্রজন্ম গঠনে সমকাল কাজ করে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ফেনীর সোনাগাজী মো. ছাবের সরকারি মডেল পাইলট উচ্চবিদ্যালয়। রানার্সআপ হয়েছে লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়। সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছে চ্যাম্পিয়ন দলের শিক্ষার্থী আফসানা হালিম তিশা।

বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় আরও অংশ নেয় রাঙামাটির মোনঘর রেসিডেনশিয়াল স্কুল অ্যান্ড কলেজ, কক্সবাজারের বাঁকখালী উচ্চবিদ্যালয়, বান্দরবান আইডিয়াল স্কুল, চট্টগ্রামের হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এবং নোয়াখালী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়।

প্রতিযোগীদের উদ্দেশে মেয়র বলেন, প্রতিযোগিতায় হার-জিত থাকবেই। বিজয়ী ও পরাজিত উভয় দলের শিক্ষার্থীদের নিজেদের ভুল ও প্রাপ্ত নম্বর বিশ্লেষণ করে পরবর্তী প্রস্তুতি নিতে হবে। বিজ্ঞানের আলোয় নিজেদের আলোকিত করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন বলেন, বিজ্ঞানের কল্যাণে সারা পৃথিবী এখন মানুষের হাতের মুঠোয়। ভবিষ্যতে এগিয়ে যেতে হলে বিজ্ঞান জানতে হবে, শিখতে হবে এবং নিয়মিত চর্চা করতে হবে।

চট্টগ্রামের পরিবেশ রক্ষার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, পাহাড় কেটে স্থাপনা নির্মাণ, খালের জায়গা দখল এবং নকশা পরিবর্তন করে রাস্তা দখল বন্ধ করতে হবে। দেশের বাইরে গেলে মানুষ আইন মানলেও দেশে ফিরে তা না মানার প্রবণতা থেকে বেরিয়ে আসার আহ্বান জানান তিনি।

সমকালের চট্টগ্রাম রিজিওনাল এডিটর সারোয়ার সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ মহিলা সমিতি উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আরিফ উল হাছান চৌধুরী, বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের (বিএফএফ) নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান চৌধুরী, সমকাল সুহৃদ সমাবেশের বিভাগীয় সম্পাদক মো. আসাদুজ্জামান এবং দৃষ্টি চট্টগ্রামের প্রতিষ্ঠাতা বিতার্কিক মাসুদ বকুল।

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০