চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার প্রায় দেড় কিলোমিটার দূরে বিবিরহাট কাঁচাবাজারের এক নম্বর গলিতে এক পথচারীর গলায় ঝোলানো ব্যাগ ছিনিয়ে নিয়েছেন দুই যুবক। শুক্রবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে ঘটা এ ঘটনার ১২ সেকেন্ডের ভিডিও শনিবার সকালে ফেসবুকে ছড়িয়ে পড়ে। পরে ভিডিওটি দেখে ভুক্তভোগীর পরিচয় শনাক্ত করে পুলিশ। ছিনতাইয়ে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
পুলিশ জানায়, ভুক্তভোগীর নাম কাজী রফিকুল ইসলাম মনি (৬০)। তিনি নগরের আতুরার ডিপো এলাকায় খাজা ফার্মেসি নামে একটি প্রতিষ্ঠানের মালিক। ছিনতাইকারীরা তাঁর গলায় ঝোলানো ব্যাগটি নিয়ে যায়। ব্যাগে প্রায় চার হাজার টাকা ও দুটি মুঠোফোন ছিল।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, মনি গলির ভেতর দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁর গলায় ছোট একটি ব্যাগ এবং দুই হাতে দুটি থলে ছিল। পেছনে টি-শার্ট পরা এক তরুণ হাঁটছিলেন। এ সময় বিপরীত দিক থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা আসে। সেটিতে চালক ছাড়া আর কেউ ছিলেন না। অটোরিকশার সামনে দিয়ে দুই যুবক হেঁটে আসছিলেন।
মনি তাঁদের সামনে পৌঁছাতেই দুই যুবক তাঁর ওপর ঝাঁপিয়ে পড়েন। এ সময় পেছনে থাকা তরুণটি দৌড়ে পালিয়ে যান। দুই যুবক মনির কাঁধ থেকে ব্যাগটি ছিনিয়ে নিয়ে অটোরিকশায় উঠে চলে যান। ঘটনার আকস্মিকতায় মনি প্রথমে কিছুদূর দৌড়ে যান। পরে ‘ধর ধর’ বলে অটোরিকশাটির পেছনে ছুটতে থাকেন। আশপাশে থাকা আরও কয়েকজনের মধ্যে একজনকে তাঁর সঙ্গে যেতে দেখা যায়।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, রাত সাড়ে ১২টার দিকে ঘটনাটি ঘটলেও কেউ থানায় অভিযোগ করেননি। শনিবার সকালে ফেসবুকে ভিডিওটি দেখে পুলিশ ভুক্তভোগীকে খুঁজে বের করে। তাঁকে মামলা করতে বলা হয়েছে। ছিনতাইকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।









মন্তব্য
এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।