আসন্ন পবিত্র রমজান মাসে চিনির চাহিদা মেটানো এবং কর্মসংস্থান ফেরানোর দাবিতে এস আলম সুগার মিলসহ দেশের বন্ধ থাকা সমস্ত কারখানা চালুর দাবি জানিয়েছেন শ্রমিকেরা।
সোমবার (১৬ নভেম্বর) চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মইজ্জারটেক এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন তাঁরা।
‘দাবি মোদের একটাই, কারখানা খোলা চাই’ এবং ‘রমজানের চাহিদা মেটাতে এস আলম সুগার মিল চালু করো’—এমন বিভিন্ন স্লোগানসংলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে শ্রমিকেরা বিক্ষোভ মিছিলে অংশ নেন।
মিছিলটি মইজ্জারটেক থেকে শুরু হয়ে শাহ আমানত সেতু পার হয়ে চট্টগ্রাম নগরের আদালত এলাকায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে শ্রমিকদের একটি প্রতিনিধিদল জেলা প্রশাসকের কাছে তাদের দাবি সংবলিত স্মারকলিপি পেশ করেন।
বিক্ষোভকারী শ্রমিকেরা জানান, এস আলম সুগার মিলসহ বিভিন্ন কারখানা বন্ধ হয়ে যাওয়ায় তারা দীর্ঘদিন ধরে সম্পূর্ণ কর্মহীন হয়ে পড়েছেন। পরিবার-পরিজন নিয়ে বর্তমানে তাঁরা অত্যন্ত মানবেতর জীবনযাপন করছেন। তাই আসন্ন রমজানে চিনির কৃত্রিম সংকট রোধ এবং শ্রমিকদের জীবনযাত্রা স্বাভাবিক রাখতে অবিলম্বে কারখানাগুলো পুনরায় চালুর জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।









মন্তব্য
এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।