ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত স্কুলে শিক্ষক ও অন্যান্য পদে নিয়োগের নামে প্রতারণার অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার করে চাকরিপ্রত্যাশীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়া এবং ভুয়া নিয়োগপত্র দেওয়ার অভিযোগ পেয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
আজ মঙ্গলবার ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে সতর্ক করেছে সংস্থাটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অননুমোদিত মাধ্যমে প্রচারিত এসব নিয়োগ বিজ্ঞপ্তি এবং বিতরণ করা নিয়োগপত্রের সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কোনো সংশ্লিষ্টতা নেই। এগুলো সম্পূর্ণ ভুয়া ও প্রতারণামূলক।
এ অবস্থায় চাকরিপ্রত্যাশীসহ সর্বসাধারণকে এ ধরনের প্রতারণা থেকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। কোনো ব্যক্তি বা প্রতারক চক্রের প্রলোভনে পড়ে অর্থ লেনদেন না করার পাশাপাশি ব্যক্তিগত তথ্য, জাতীয় পরিচয়পত্রের কপি, ব্যাংক হিসাবের তথ্য বা অন্য কোনো সংবেদনশীল তথ্য না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইসলামিক ফাউন্ডেশনের যে-কোনো নিয়োগ কার্যক্রম যথাযথ সরকারি বিধিবিধান ও নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে সম্পন্ন করা হয়। নিয়োগসংক্রান্ত বিজ্ঞপ্তি কেবল সংস্থাটির সরকারি ওয়েবসাইট (www.islamicfoundation.gov.bd) এবং অনুমোদিত গণমাধ্যমে প্রকাশ করা হয়। নিয়োগের বিষয়ে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে আর্থিক লেনদেনের প্রয়োজন নেই।
প্রতারক চক্রের বিষয়ে কোনো তথ্য বা প্রমাণ পাওয়া গেলে, তা নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর পাশাপাশি ইসলামিক ফাউন্ডেশন কর্তৃপক্ষকেও অবহিত করতে অনুরোধ করা হয়েছে।
সংস্থাটি জানিয়েছে, এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হচ্ছে।









মন্তব্য
এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।