সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫-এর চূড়ান্ত ফল প্রকাশ ও যোগদান প্রক্রিয়া শেষে শূন্য থাকা এক হাজার ৫৫৪টি পদে অপেক্ষমাণ তালিকা থেকে নিয়োগের দাবি জানিয়েছেন চাকরিপ্রত্যাশীরা।
এ দাবিতে মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেন দেশের ৬৪ জেলা থেকে আসা প্রার্থীরা। এ সময় দাবি আদায় না হলে আমরণ অনশনসহ আরও কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন তারা।
এর আগে গতকাল সোমবার পুনরায় যাচাই-বাছাই করে নিয়োগপত্র দেওয়ার দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করেন নিয়োগবঞ্চিতরা। একই দাবিতে গত ৩ নভেম্বর প্রাথমিক শিক্ষা অধিদফতরের সামনেও মানববন্ধন করেছিলেন তারা।
আন্দোলনকারীরা জানান, ২০২৫ সালের সহকারী শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় চূড়ান্ত সুপারিশপ্রাপ্তদের যোগদান শেষে বর্তমানে এক হাজার ৫৫৪টি পদ শূন্য রয়েছে। এসব পদে নিয়োগ দিতে আড়াই হাজারের বেশি প্রার্থীর সমন্বয়ে অপেক্ষমাণ তালিকা তৈরির দাবি জানিয়েছেন তারা।
তাদের অভিযোগ, ২০২৩ সালে প্রাথমিক শিক্ষা অধিদফতর দুই দফায় অপেক্ষমাণ তালিকা প্রকাশ করলেও এবার এ বিষয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো নির্দেশনা দেওয়া হচ্ছে না।
মানববন্ধনে এক আন্দোলনকারী বলেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৬৪ জেলার প্রার্থীরা এখানে এসেছেন। তাদের মধ্যে অনেক নারী প্রার্থী ছোট সন্তানদের কোলে নিয়ে কর্মসূচিতে অংশ নিয়েছেন। অপেক্ষমাণ তালিকা থেকে নিয়োগ তাদের ন্যায্য দাবি, কারও করুণা নয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান এবং শিক্ষামন্ত্রী ও প্রতিমন্ত্রীর সুদৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, ‘অবিলম্বে আমাদের ন্যায্য দাবির প্রতি সদয় হোন।’
দাবি আদায় না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়ে ওই প্রার্থী আরও বলেন, ‘আমরা কোনো রাষ্ট্রবিরোধী কাজে জড়িত নই। আমাদের দাবি মানা না হলে আমরা রাজপথ ছাড়ব না। প্রয়োজনে আগামীতে অবস্থান কর্মসূচি, আমরণ অনশন এবং কাফনের কাপড় পরে মাঠে নামতে বাধ্য হব।’
কর্মসূচি থেকে প্রাথমিক শিক্ষা অধিদফতর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে প্রতিনিধি দলের বৈঠকের ব্যবস্থা এবং দ্রুত অপেক্ষমাণ তালিকা প্রকাশের বিষয়ে সুনির্দিষ্ট ঘোষণা দেওয়ার আহ্বান জানানো হয়। এ সময় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী বরাবর স্মারকলিপিও দেন আন্দোলনকারীরা।
স্মারকলিপিতে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০২৫-এর চূড়ান্ত ফলাফলের ভিত্তিতে ৬১ জেলায় ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছিল। তবে সুপারিশপ্রাপ্তদের মধ্যে এক হাজার ৫০০ জনের বেশি বিভিন্ন কারণে চাকরিতে যোগদান করেননি। ফলে নির্ধারিত পদের একটি উল্লেখযোগ্য অংশ শূন্য রয়েছে।
এ অবস্থায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-১ শাখা থেকে ২০২৫ সালের ২৫ আগস্ট জারি করা পরিপত্র অনুযায়ী শূন্য পদে অপেক্ষমাণ তালিকা থেকে নিয়োগের দাবি জানিয়েছেন প্রার্থীরা। পরিপত্রের অনুচ্ছেদ (গ) উল্লেখ করে তারা বলেন, সুপারিশপ্রাপ্ত কেউ চাকরিতে যোগদান না করলে বা যোগদানের পর পদত্যাগ করলে সৃষ্ট শূন্য পদ পূরণের প্রয়োজন হলে সংশ্লিষ্ট বিভাগীয় পদোন্নতি কমিটির (ডিপিসি) সভায় অপেক্ষমাণ তালিকা ও উত্তীর্ণ প্রার্থীদের ফলের কাগজ উপস্থাপন করে নিয়োগের জন্য প্রার্থী সুপারিশের সুযোগ রয়েছে। একই পরিপত্রের অনুচ্ছেদ (খ) অনুযায়ী, অপেক্ষমাণ তালিকার মেয়াদ প্রথম নিয়োগের সুপারিশের তারিখ থেকে এক বছর বলবৎ থাকবে।
আন্দোলনকারীদের দাবি, পরিপত্রের নির্দেশনা অনুসরণ করে শূন্য পদগুলোতে অপেক্ষমাণ তালিকা থেকে যোগ্য প্রার্থীদের নিয়োগ দেওয়া সম্ভব। এতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকসংকট কমবে এবং নতুন করে নিয়োগ পরীক্ষা আয়োজনের প্রয়োজন হবে না। ফলে সরকারের সময়, অর্থ ও প্রশাসনিক শ্রমও সাশ্রয় হবে।









মন্তব্য
এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।