মূল লেখায় যান
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ · ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সারাদেশ

জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, এ ইতিহাস পাল্টানো যাবে না: মীর শাহে আলম

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক। আওয়ামী লীগ যতই চেষ্টা করুক, এ ইতিহাস পাল্টানো যাবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। শনিবার ২৪ অক্টোবর দুপুর ১টার দিকে বগুড়ার মোকামতলা উপজেলার সৈয়দপুর ইউনিয়নের রাধাকান্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত...

জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, এ ইতিহাস পাল্টানো যাবে না: মীর শাহে আলম

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক। আওয়ামী লীগ যতই চেষ্টা করুক, এ ইতিহাস পাল্টানো যাবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

শনিবার ২৪ অক্টোবর দুপুর ১টার দিকে বগুড়ার মোকামতলা উপজেলার সৈয়দপুর ইউনিয়নের রাধাকান্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনার দেশে ফেরার হুমকি প্রসঙ্গে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, শেখ হাসিনা দেশে ফিরে আসার হুমকি দেন। আমরাও চাই, তিনি দেশে ফিরে আসুন। দেশের মানুষ তার বিচার দেখার অপেক্ষায় রয়েছে।

তারেক রহমানের দেশে ফেরার প্রসঙ্গ টেনে তিনি বলেন, তারেক রহমানের দেশে ফেরার দিন কোটি কোটি মানুষ ঢাকায় সমবেত হয়েছিলেন। অন্যদিকে, শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। এটাই জনগণের ভালোবাসা ও জনসমর্থনের পার্থক্য।

বিএনপির জনপ্রিয়তার কথা তুলে ধরে মীর শাহে আলম বলেন, শহীদ জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বিএনপি যুগে যুগে জনপ্রিয়তা ধরে রেখেছে। জনগণের ভালোবাসা ও আস্থাই বিএনপির সবচেয়ে বড় শক্তি।

জামায়াতে ইসলামীর সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, আমরা বেহেশতের নিশ্চয়তা দিতে পারব না, তবে উন্নয়নের নিশ্চয়তা দিতে চাই। মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চাই। প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড এবং কৃষকের হাতে কৃষক কার্ড পৌঁছে দিতে চাই।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী বড় বড় কথা বললেও ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের আর্থিক নিরাপত্তায় কার্যকর উদ্যোগ নেয়নি। প্রধানমন্ত্রী তারেক রহমান তাদের মাসিক সম্মানীর ব্যবস্থা করেছেন।

সরকারের জনকল্যাণমূলক কার্যক্রমে অনুপ্রাণিত হয়ে আগে জামায়াতে ইসলামীকে ভোট দিয়েছেন, এমন ব্যক্তিদের বিএনপির পতাকাতলে আসার আহ্বান জানান মীর শাহে আলম।

মোকামতলা উপজেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান তৌফিকের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন বগুড়া আদালতের সরকারি কৌঁসুলি শফিকুল ইসলাম টুকু, শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এসএম তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব, মোকামতলা উপজেলা বিএনপির সদস্যসচিব রোকন-উদ-দৌলা রুবেল, শিবগঞ্জ উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক মীর শাকরুল আলম সীমান্ত, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল করিম এবং শিবগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমানসহ স্থানীয় নেতারা।

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০