মূল লেখায় যান
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ · ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
প্রিয় চট্টগ্রাম

মনিরুজ্জামান ইসলামাবাদী ছিলেন শিক্ষা, মানবতা ও ন্যায়বিচারের প্রতীক: চসিক মেয়র

ব্রিটিশবিরোধী আন্দোলনের অগ্রপথিক, সাংবাদিক ও সমাজ সংস্কারক মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী শিক্ষা বিস্তার, নারী শিক্ষা, ধর্মীয় সম্প্রীতি ও শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা.

মনিরুজ্জামান ইসলামাবাদী ছিলেন শিক্ষা, মানবতা ও ন্যায়বিচারের প্রতীক: চসিক মেয়র

ব্রিটিশবিরোধী আন্দোলনের অগ্রপথিক, সাংবাদিক ও সমাজ সংস্কারক মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী শিক্ষা বিস্তার, নারী শিক্ষা, ধর্মীয় সম্প্রীতি ও শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

তিনি বলেন, মনিরুজ্জামান ইসলামাবাদী ছিলেন অসাম্প্রদায়িক বাঙালি গড়ার কারিগর, অহিংস মতবাদের ধারক ও মুক্তবুদ্ধি চর্চার মনীষী। তাঁর জীবন ও আদর্শ আজও প্রজন্মের জন্য প্রেরণার উৎস।

শনিবার (২৪ অক্টোবর) বিকেলে মনিরুজ্জামান ইসলামাবাদী উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে তাঁর ৭৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র এসব কথা বলেন। কদম মোবারক মুসলিম এতিমখানা এ সভার আয়োজন করে।

মেয়র বলেন, মনিরুজ্জামান ইসলামাবাদী শুধু আলেম বা রাজনীতিবিদ ছিলেন না, তিনি ছিলেন প্রখ্যাত সাংবাদিক, লেখক ও সমাজসেবক। অবিভক্ত বাংলা ও ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন, শিক্ষা বিস্তার এবং সমাজ সংস্কারে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে। অনগ্রসর মুসলিম সম্প্রদায়কে শিক্ষার আলোয় আলোকিত করতে তিনি আজীবন কাজ করেছেন।

শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নে তাঁর চিন্তার কথা তুলে ধরে শাহাদাত হোসেন বলেন, মনিরুজ্জামান ইসলামাবাদী মাদ্রাসাশিক্ষায় সমাজনীতি, অর্থনীতি, ভূগোল, ইতিহাস, আধুনিক দর্শন ও বিজ্ঞানের অন্তর্ভুক্তির ওপর গুরুত্ব দিয়েছিলেন। জাতীয় ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার স্বপ্নদ্রষ্টা এবং কদম মোবারক মুসলিম এতিমখানা ও স্কুলের প্রতিষ্ঠাতা হিসেবে তাঁর অবদান ইতিহাসে উজ্জ্বল হয়ে থাকবে।

মেয়র আরও বলেন, ব্রিটিশবিরোধী অসহযোগ আন্দোলন, বঙ্গভঙ্গ রদ ও খিলাফত আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছিলেন মনিরুজ্জামান ইসলামাবাদী। একটি শিক্ষিত, জ্ঞাননির্ভর ও উদারপন্থী সমাজ গঠনে তাঁর ত্যাগ ও প্রচেষ্টা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুসরণীয়।

কদম মোবারক মুসলিম এতিমখানা পরিচালনা পরিষদের সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামরুজ্জামানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন জামান ও আহমেদুল আলম চৌধুরী রাসেল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জিনবোধি ভিক্ষু, শিক্ষাবিদ ও লেখক ড. শামসুদ্দিন শিশির এবং চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক।

সভা পরিচালনা করেন এস এম সালাউদ্দীন। এতে কদম মোবারক মুসলিম এতিমখানা পরিচালনা পরিষদের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিরা বক্তব্য দেন।

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০