সরকারি দপ্তরে সেবা নিতে এসে নাগরিকেরা যেন স্বস্তি পান এবং তাঁদের সমস্যার সমাধান হয়, তা নিশ্চিত করতে কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি বলেছেন, সততা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার মাধ্যমে সরকারি কর্মকর্তাদের নাগরিকদের আস্থা অর্জন করতে হবে।
শনিবার (২৪ অক্টোবর) চট্টগ্রামের আনোয়ারা উপজেলা পরিষদে ডেঙ্গু প্রতিরোধে কিট হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, সরকারি চাকরি শুধু নির্ধারিত সময়ে অফিসে আসা-যাওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়। জনগণের প্রতি দায়িত্ববোধই একজন কর্মকর্তার প্রকৃত পরিচয়। তিনি বলেন, ‘আপনার বা আমার চেয়ার আজ আছে, কাল থাকবে না। কিন্তু রাষ্ট্র ও সমাজের জন্য আমরা কী অবদান রেখে গেলাম, সেটিই গুরুত্বপূর্ণ।’
কর্মকর্তাদের কাজের গতি বাড়ানোর তাগিদ দিয়ে তিনি বলেন, সীমাবদ্ধতাকে অজুহাত হিসেবে দেখলে কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব নয়। নাগরিকদের সঙ্গে মানবিক আচরণ, তাঁদের কথা মনোযোগ দিয়ে শোনা এবং প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার পাশাপাশি সমস্যার সমাধানে আন্তরিক হতে হবে। তবে সেবা দিতে গিয়ে আইনের বাইরে যাওয়ার প্রয়োজন নেই।
মুক্তিযুদ্ধের উদাহরণ টেনে জেলা প্রশাসক বলেন, নানা প্রতিকূলতার মধ্যেও মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছেন। মানুষের প্রত্যাশা পূরণেও একই ধরনের দৃঢ়তা ও দায়িত্ববোধ প্রয়োজন। তরুণদের মধ্যে নৈতিকতা ও সামাজিক মূল্যবোধ গড়ে তুলতে শিক্ষক ও সরকারি কর্মকর্তাদের নিজেদের আচরণে দৃষ্টান্ত স্থাপনের আহ্বান জানান তিনি।
সরকারি অর্থ ব্যয়ে স্বচ্ছতা এবং সড়ক, সেতুসহ উন্নয়নকাজের গুণগত মান নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন জেলা প্রশাসক। আনোয়ারা উপজেলার কর্মকর্তাদের পারস্পরিক সমন্বয় ও দলগত কাজের প্রশংসা করে তিনি বলেন, মতপার্থক্য থাকলেও রাষ্ট্র ও জনগণের কল্যাণকে অগ্রাধিকার দিতে হবে।
সম্প্রতি দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদ্যাপনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, প্রশাসন ও সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টায় উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে, যা দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির চিত্র তুলে ধরেছে।
ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রম প্রসঙ্গে মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা জানান, প্রধানমন্ত্রীর তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচি এবং জেলা প্রশাসনের ‘নান্দনিক চট্টগ্রাম’ উদ্যোগের আওতায় গত ২৭ জুলাই থেকে পরিচ্ছন্নতা কার্যক্রম চলছে। প্রতি শনিবার জেলার বিভিন্ন এলাকায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
উদ্যোগ নিলে কঠিন কাজও সম্ভব উল্লেখ করে তিনি বলেন, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) এলাকায় প্রায় ১৪ বছর ধরে জমে থাকা আড়াই শ ট্রাক বর্জ্য অপসারণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. মাসুদ আলম বিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাঠান মো. সাইদুজ্জামানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
অনুষ্ঠান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে আনোয়ারা থানা পর্যন্ত ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক শোভাযাত্রা বের করা হয়। পরে আনোয়ারা থানার ভেতরের পুকুরে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়।









মন্তব্য
এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।