চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী এলাকায় মোটরসাইকেল চুরির মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় চোরাই মোটরসাইকেল ও চুরির কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রবিউল হাসান ভূঁইয়া (২৫) ও আদনান উদ্দিন (২৮)। শুক্রবার (২৩ অক্টোবর) রাত ১টা ১০ মিনিটে নগরের পাঁচলাইশ থানার মমিনবাগ এলাকার নাহার ভবন থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গত ১৮ অক্টোবর রাত ৯টা ১০ মিনিটের দিকে বায়েজিদ বোস্তামী থানার ৭ নম্বর ওয়ার্ডের রৌফাবাদ বাগদাদ হোটেলের সামনে মোটরসাইকেল চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় মামলার বাদী মো. জামাল উদ্দিন জিকুকে (২৭) মারধর ও হত্যার হুমকি দিয়ে তাঁর মোটরসাইকেল নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে গাজী সারোয়ার শ্রাবন (৩২) ও তাঁর সঙ্গে থাকা অজ্ঞাতপরিচয় দুই থেকে তিনজনের বিরুদ্ধে।
এ ঘটনায় বাদীর অভিযোগের ভিত্তিতে ২১ অক্টোবর বায়েজিদ বোস্তামী থানায় দণ্ডবিধির ৩৮২ ধারায় মামলা হয়। এরপর বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিনের নেতৃত্বে এসআই বাহার মিয়া ও পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়।
অভিযানে রবিউল ও আদনানকে গ্রেপ্তারের পাশাপাশি একটি সুজুকি জিক্সার এফআই ডিস্ক মোটরসাইকেল এবং চট্টগ্রাম মেট্রো-ব-১২-১৫৮০ নম্বরের সাদা প্রাইভেটকার উদ্ধার করা হয়। পুলিশের দাবি, প্রাইভেটকারটি মোটরসাইকেল চুরির কাজে ব্যবহৃত হয়েছিল।
গ্রেপ্তার দুজনকে যথাযথ প্রক্রিয়ায় আদালতে পাঠানো হয়েছে।









মন্তব্য
এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।