চাটগাঁ নিউজ ডেস্ক : কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় ১ হাজার ২০২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) ২৪ ঘণ্টার অভিযানের পরিসংখ্যান বৃহস্পতিবার (৫ নভেম্বর) চট্টগ্রাম রেঞ্জ থেকে জানানো হয়।
চট্টগ্রাম রেঞ্জের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলায় ১০৭ জন, আগের মামলায় ১০৯ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ৩১ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় চারজন এবং ১৫১ ধারাসহ অন্যান্য আইনে ৩০ জন রয়েছেন।
এ ছাড়া গ্রেপ্তারি পরোয়ানামূলে ১৮৫ জন ও সাজা পরোয়ানামূলে ২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫৬ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।
তাঁদের কাছ থেকে ১৬ হাজার ৭৪০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ সময় ৩২টি মাদক মামলা করা হয়।
উদ্ধার করা হয়েছে ১২ হাজার ৫৪০টি ইয়াবা বড়ি, ৬৬ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ১০ বোতল স্কাফ সিরাপ ও পাঁচটি ট্যাপেন্টাডল বড়ি।
এদিকে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৪১ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম, কক্সবাজার ও কুমিল্লায় ৯ জন করে, নোয়াখালীতে পাঁচজন, চাঁদপুর ও লক্ষ্মীপুরে তিনজন করে, খাগড়াছড়িতে দুজন এবং ফেনীতে একজন রয়েছেন।
অন্যদিকে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৭০৮ জনের মধ্যে ৪৬৯ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ২৩৯ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
জেলাভিত্তিক হিসাবে কুমিল্লায় সর্বোচ্চ ২৯৯ জন কিশোর গ্যাং সদস্যকে আটক করা হয়েছে। এ ছাড়া চট্টগ্রামে ৯৯, লক্ষ্মীপুরে ৭৩, নোয়াখালীতে ৫৬, ব্রাহ্মণবাড়িয়ায় ৪৭, চাঁদপুরে ৪৫, কক্সবাজারে ৩৭, ফেনীতে ১৪, বান্দরবানে ১১, খাগড়াছড়িতে ৯ ও রাঙামাটিতে ১৮ জনকে আটক করা হয়েছে।









মন্তব্য
এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।