জনপ্রিয় ‘রোকযানা’ গানের শিল্পী শেখ সাহেদ আলী আর নেই। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর। শিল্পীর বন্ধু ও গণমাধ্যমকর্মী এরশাদুল হক প্রথম আলোকে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
দীর্ঘদিন ধরে কিডনির জটিলতায় ভুগছিলেন সাহেদ। নিয়মিত ডায়ালিসিস নিতে হতো তাঁকে। সম্প্রতি স্ট্রোক, ডেঙ্গু ও বিভিন্ন সংক্রমণের কারণে তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হয়। গুরুতর রক্তক্ষরণ শুরু হলে বৃহস্পতিবার তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল।
এরশাদুল হক জানান, গত ২৪ অক্টোবর শরীরে সোডিয়ামের মাত্রা কমে যাওয়ায় সাহেদকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃদু স্ট্রোক হয়। এরপর থেকে স্বাভাবিকভাবে কথা বলতে পারছিলেন না তিনি। পরে তাঁর ডেঙ্গু শনাক্ত হয়। শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়।
প্যালিয়েটিভ মেডিসিন বিশেষজ্ঞ রুবাইয়াত রহমান এক লেখায় জানান, কিডনির সমস্যার পাশাপাশি ক্যাথেটারজনিত ছত্রাক সংক্রমণ, স্ট্রোক, ডেঙ্গু এবং হেপাটাইটিস সি ভাইরাসের কারণে লিভারের প্রদাহে ভুগছিলেন এই শিল্পী। সর্বশেষ অস্বাভাবিক রক্তক্ষরণ তাঁর শারীরিক পরিস্থিতি আরও জটিল করে তোলে।
অসুস্থতার কারণে থেমে যায় সাহেদের দীর্ঘদিনের সংগীত আয়োজনও। ১১ বছর ধরে তৈরি করা ২৪টি নতুন গান প্রকাশের প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। জি-সিরিজের ব্যানারে গানগুলো প্রকাশের পাশাপাশি সংগ্রহে রাখার জন্য চারটি করে সিডি, ক্যাসেট ও ভিনাইল রেকর্ড প্রকাশের পরিকল্পনা ছিল তাঁর। এ উপলক্ষে ৬ নভেম্বর কৃষিবিদ ইনস্টিটিউশনে একটি অনুষ্ঠানের আয়োজন করার কথা থাকলেও অসুস্থতার কারণে তা বাতিল করা হয়।
এরশাদুল হক জানিয়েছিলেন, ওই অনুষ্ঠান শেষে ১৫ নভেম্বরের পর কিডনি প্রতিস্থাপনের জন্য সাহেদের দিল্লি যাওয়ার পরিকল্পনা ছিল। কিডনিদাতাও চূড়ান্ত করা হয়েছিল। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সেই পরিকল্পনা আর বাস্তবায়ন সম্ভব হয়নি। নতুন গান প্রকাশ এবং সুস্থ হয়ে আবার সংগীতে ফেরার স্বপ্ন অপূর্ণ রেখেই চলে গেলেন তিনি।
শেখ সাহেদ ‘গাছ’ ব্যান্ডের প্রতিষ্ঠাতা। নব্বইয়ের দশক থেকে সংগীতচর্চা শুরু করেন তিনি। সংগীতাঙ্গনে ‘রোকযানা’ সাহেদ নামেও পরিচিত ছিলেন। তাঁর জনপ্রিয় গানের মধ্যে রয়েছে ‘রোকযানা’, ‘উপলব্ধি’, ‘ক্লাসরুমে বসে শেখা’, ‘উটপাখির ডিম’, ‘খোলা চুল’ ও ‘প্রেম আসবেই’। ১৯৯১ সালে প্রকাশিত হয় তাঁর প্রথম অ্যালবাম ‘প্রভু’। এরপর আরও পাঁচটি অ্যালবাম প্রকাশ করেন এই শিল্পী।









মন্তব্য
এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।