সন্ত্রাসীদের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে রবিবার (১৫ নভেম্বর) দুপুরে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (এফডিসি) প্রাঙ্গণে মানববন্ধন করেছেন চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিরা। পূর্বঘোষিত এ কর্মসূচিতে অংশ না নেওয়ায় চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জয় চৌধুরীসহ কয়েকজনের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেতা ও বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) আহ্বায়ক হেলাল খান।
মানববন্ধন শেষে তাদের সামনে পেয়ে উত্তেজিত হয়ে নানা মন্তব্য করেন তিনি।
রবিবার (১৫ নভেম্বর) দুপুরে এফডিসি প্রাঙ্গণে আয়োজিত এই মানববন্ধনে উপস্থিত ছিলেন হেলাল খান, সংগীতশিল্পী ইথুন বাবু, চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বলসহ চলচ্চিত্রসংশ্লিষ্ট অনেকে। তবে এফডিসিতে উপস্থিত থাকলেও মানববন্ধনে অংশ নেননি জয় চৌধুরীসহ শিল্পী সমিতির আরও কয়েকজন সদস্য।
এ বিষয়টি নিয়েই ক্ষুব্ধ হন হেলাল খান।
মানববন্ধন শেষে এফডিসির শিল্পী সমিতির কার্যালয়ের সামনে গিয়ে জয় চৌধুরীসহ কয়েকজনকে দেখতে পান তিনি। এরপর তাদের উদ্দেশে ক্ষোভ প্রকাশ করেন এই অভিনেতা। মুহূর্তেই উত্তপ্ত হয়ে ওঠে এফডিসি প্রাঙ্গণ। এ সময় উত্তেজিত কণ্ঠে তাদের ‘ফ্যাসিস্ট’ ও ‘স্বৈরাচারের দোসর’ বলে মন্তব্য করতে শোনা যায় তাকে।
হেলাল খানের অভিযোগ, এফডিসিতে উপস্থিত থাকার পরও তারা কেন মানববন্ধনে অংশ নেননি, সেটিই তার ক্ষোভের মূল কারণ। জয় চৌধুরীর উদ্দেশে তাকে বলতে শোনা যায়, ‘তুই একটা ফ্যাসিস্ট। স্বৈরাচারের দোসর। যে কারণে অনুষ্ঠানে যাসনি তোরা।’
এ ছাড়াও তিনি আরও বলেন, ‘এখানে যারা ছিল সবগুলো ফ্যাসিস্ট। এফডিসি ফ্যাসিস্ট মুক্ত করতে হবে।’
ঘটনাকে কেন্দ্র করে এফডিসি প্রাঙ্গণে কিছু সময়ের জন্য উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।









মন্তব্য
এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।