পাকিস্তানি জনপ্রিয় নাটক ‘দার-ই-নিজাত’ নিয়ে দর্শকদের আগ্রহ ক্রমেই বাড়ছে। গল্পের ভিন্নতা, অভিনয়শিল্পীদের দক্ষতা এবং একের পর এক নাটকীয় ঘটনায় ইতিমধ্যে দর্শকদের মন জয় করেছে নাটকটি। পাকিস্তানের বাইরেও ভারত, নেপাল, বাংলাদেশ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে এর জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছে। তবে ভক্তদের মনে এখন বড় প্রশ্ন, আর কত দিন চলবে নাটকটি এবং কবে প্রচারিত হবে শেষ পর্ব?
পাকিস্তানের সংবাদমাধ্যম রিভিউইটের এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘দার-ই-নিজাত’-এর মোট পর্বসংখ্যা নিয়ে তথ্য জানিয়েছেন ডিজিটাল মিডিয়া উপস্থাপক ও নাটক পর্যালোচক সোনিয়া রাও। তার দেওয়া তথ্য অনুযায়ী, শুরুতে নাটকটির ৩৮টি পর্ব নির্মাণের পরিকল্পনা ছিল। কিন্তু দর্শকদের ব্যাপক সাড়া পাওয়ায় পর্বসংখ্যা বাড়িয়ে ৪২ করা হয়েছে।
নিজের ভ্লগে সোনিয়া রাও বলেন, নাটকটির ভক্তদের জন্য তার কাছে বিশেষ খবর রয়েছে। ‘দার-ই-নিজাত’ শেষ হয়ে যাচ্ছে ভেবে যারা মন খারাপ করছেন, তাদের এখনই হতাশ হওয়ার প্রয়োজন নেই। কারণ, প্রচারের জন্য এখনো বেশ কয়েকটি পর্ব বাকি রয়েছে। দর্শকদের আগ্রহ ধরে রাখতে পারলে ভবিষ্যতে পর্বসংখ্যা আরও বাড়ানোর সম্ভাবনাও রয়েছে বলে জানান তিনি।
নাটকটির জনপ্রিয়তা কতটা বেড়েছে, তা সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শকদের প্রতিক্রিয়া দেখলেই বোঝা যায়। অনেকেই জানিয়েছেন, তারা চাইলে ‘দার-ই-নিজাত’-এর হাজার পর্বও দেখতে রাজি। তবে দীর্ঘদিন ধরে নাটকটি চলার ক্ষেত্রে গল্পের মান ধরে রাখার বিষয়টিও গুরুত্বপূর্ণ বলে মনে করছেন কেউ কেউ। তাদের আশঙ্কা, অপ্রয়োজনে গল্প দীর্ঘ করা হলে নাটকটির মূল আকর্ষণ হারিয়ে যেতে পারে।
উমেরা আহমেদের লেখা এবং সাকিব খানের পরিচালনায় নাটকটি প্রযোজনা করেছে থ্রি এস এন্টারটেইনমেন্ট। এআরওয়াই ডিজিটালে প্রচারের পাশাপাশি এআরওয়াই প্লাস অ্যাপেও দেখা যাচ্ছে এটি। নাটকের মূল গল্প আবু বকর ও জারিয়াবের ভালোবাসা এবং জীবনের নানা পরিবর্তনকে ঘিরে। আবু বকর চরিত্রে অভিনয় করেছেন শেহরিয়ার মুনাওয়ার এবং জারিয়াব চরিত্রে রয়েছেন দুরে ফিশান সেলিম।
এদিকে, আগামী পর্বগুলোতে গল্পের কোন নতুন মোড় অপেক্ষা করছে, তা জানতে আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন দর্শকেরা।









মন্তব্য
এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।