জন্মদিনের আগেই বিশেষ উপহার পেলেন কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। তাকে একটি স্বর্ণের গিটার উপহার দিয়েছে চ্যানেল আই। শিল্পীর জন্মদিন উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠান ‘রুনা মহল’-এ তার হাতে এই উপহার তুলে দেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ও শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগর।
আগামী ১৭ নভেম্বর রুনা লায়লার জন্মদিন। এ উপলক্ষে চ্যানেল আই আয়োজন করেছে ‘রুনা মহল’ শিরোনামের বিশেষ অনুষ্ঠান। সেখানে স্বর্ণের গিটার উপহার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন এই সংগীতশিল্পী।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন অভিনেতা আফজাল হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন চিত্রনায়ক আলমগীর, খ্যাতিমান চিত্রশিল্পী রফিকুন নবী এবং আলমগীরকন্যা সংগীতশিল্পী আঁখি আলমগীর।
‘রুনা মহল’ অনুষ্ঠানে রুনা লায়লার জীবনের নানা অজানা অধ্যায়, স্মৃতি ও উল্লেখযোগ্য ঘটনা তুলে ধরা হবে। আগামী ১৭ নভেম্বর রাত ১০টা ১৫ মিনিটে চ্যানেল আইয়ে প্রচারিত হবে অনুষ্ঠানটি। এটি পরিচালনা করেছেন আরিফ খান। প্রযোজনায় রয়েছেন অনন্যা রুমা।
উল্লেখ্য, বাংলা চলচ্চিত্রের কয়েক হাজার গানে কণ্ঠ দিয়েছেন রুনা লায়লা। চলচ্চিত্রের গান ছাড়াও দেশাত্মবোধকসহ বিভিন্ন ধারার সংগীতে রয়েছে তার উল্লেখযোগ্য অবদান। দীর্ঘ সংগীতজীবনে নিজস্ব কণ্ঠশৈলী ও গায়কির মাধ্যমে অসংখ্য শ্রোতার ভালোবাসা অর্জন করেছেন তিনি।









মন্তব্য
এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।