রাজধানীর বিভিন্ন রিকশা গ্যারেজে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার প্রতিবাদে বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা।
সোমবার (৫ অক্টোবর) অটোরিকশা চলাচল বন্ধ রেখে বিভিন্ন সড়কে অবস্থান নেন তারা।
এতে রাজধানীর বিভিন্ন এলাকায় অসহনীয় যানজট সৃষ্টি হয়েছে। পাশাপাশি অটোরিকশা না থাকায় ভোগান্তিতে পড়েছেন অফিসগামী লাখো মানুষ, শিক্ষার্থীসহ সাধারণ যাত্রীরা।
ধর্মঘটের আগে রোববার রাজধানীর বিভিন্ন এলাকায় মাইকিং করে অটোরিকশা চলাচল বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়। এর ধারাবাহিকতায় সোমবার উল্লেখযোগ্যসংখ্যক অটোরিকশা সড়কে না থাকায় গণপরিবহনে অতিরিক্ত চাপ তৈরি হয়।
বিশেষ করে যেসব এলাকায় মানুষের যাতায়াত অটোরিকশার ওপর অনেকটাই নির্ভরশীল, সেসব এলাকায় ভোগান্তি বেড়েছে। অটোরিকশা চলাচল বন্ধ থাকায় সিএনজিচালিত অটোরিকশা, প্যাডেল চালিক রিকশা এবং ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকেরা ইচ্ছামতো ভাড়া নিচ্ছেন বলেও অভিযোগ করেছেন যাত্রীরা।
এদিকে অটোরিকশাচালকদের সড়ক অবরোধের কারণে রাজধানীর বিভিন্ন এলাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে। কোথাও কোথাও সৃষ্টি হয়েছে যানজট। এতে স্বাভাবিক চলাচল বাধাগ্রস্থ হয়েছে নগরবাসীর।
অটোরিকশাচালকদের দাবি, রাজধানীর বিভিন্ন রিকশা গ্যারেজে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার কারণে তাদের জীবিকা ও অটোরিকশা পরিচালনা ব্যাহত হচ্ছে। বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনসহ সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।









মন্তব্য
এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।