অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে মামলা করেছেন উদ্যোক্তা ও ফ্যাশন ডিজাইনার সানায়া আনাম ওয়াফিকাহ চৌধুরী। এর আগে শাড়ি নিয়ে বিরোধের জেরে তিশার বিরুদ্ধে মামলা করেছিলেন তিনি।
সোমবার (২৬ অক্টোবর) ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মু. মাহবুব-উল-আলমের আদালতে ফৌজদারি কার্যবিধির ১০৭/১১৭(সি) ধারায় মামলাটি করেন সানায়া। আদালত অভিযোগ আমলে নিয়ে তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি করেছেন। একই সঙ্গে আগামী ২৩ নভেম্বর তাঁকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন মামলার বাদী সানায়া চৌধুরী ও তাঁর আইনজীবী সুব্র সিনহা রায়।
সানায়া চৌধুরীর অভিযোগ, শাড়ি নিয়ে প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির অভিযোগে তানজিন নাহার তিশার বিরুদ্ধে করা আগের মামলায় পুলিশের দেওয়া তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে তাঁর নারাজি আবেদন আদালত মঞ্জুর করেছেন। রোববার (২৫ অক্টোবর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এ আদেশ দেন।
বাদীর ভাষ্য, নারাজি আবেদনের বিষয়ে শুনানি ও সাক্ষীদের জবানবন্দি গ্রহণের পর বিচারক মামলাটি অধিকতর তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) পাঠানোর নির্দেশ দেন। একই সঙ্গে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়।
সানায়া চৌধুরীর দাবি, ওই আদেশের পর তানজিন তিশা বিভিন্ন ব্যক্তির মাধ্যমে তাঁকে হত্যার হুমকি দিয়েছেন এবং তাঁর বাসায় লোকজন পাঠিয়েছেন। এতে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান। এ কারণেই তিনি নতুন করে মামলা করেছেন।
বাদী আরও বলেন, তিনি সব সময় আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং এ ঘটনায় ন্যায়বিচার পাবেন বলে তাঁর বিশ্বাস।









মন্তব্য
এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।