শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ঢাকার বাইরে পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানাতে মঙ্গলবার রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি তিন বিভাগের তিন জেলার পূজামণ্ডপে গিয়ে পূজারি ও ভক্তদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, মঙ্গলবার সকালে প্রথমে রংপুর যাবেন প্রধানমন্ত্রী। এরপর রাজশাহী হয়ে দিনের শেষ ভাগে চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন তিনি। চট্টগ্রামের কর্মসূচি শেষে রাতেই ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী।
আতিকুর রহমান রুমন আরও বলেন, বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোনো সরকারপ্রধান ঢাকার বাইরে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন। সফরে প্রধানমন্ত্রী পূজামণ্ডপগুলোতে পূজারি ও ভক্তদের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করবেন।
সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানে রংপুরের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছে সেখান থেকে রংপুরের ধর্মসভা বা রাধা গোবিন্দ মন্দির পরিদর্শনে যাবেন তিনি।
এরপর বিমানযোগে রাজশাহীর হযরত শাহ মখদুম রহ. বিমানবন্দরে পৌঁছাবেন তারেক রহমান। দুপুর দেড়টায় তিনি ধর্মসভা মন্দির পরিদর্শন করবেন। পরে রাজশাহী সার্কিট হাউসে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বেলা ৩টায় নগরীর ঐতিহাসিক মাদরাসা মাঠে আয়োজিত জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে তাঁর।
রাজশাহীর কর্মসূচি শেষে বিমানে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যাবেন প্রধানমন্ত্রী। সন্ধ্যায় নগরীর রহমতগঞ্জ এলাকার জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করবেন তিনি। এরপর চট্টগ্রাম সার্কিট হাউসে সাময়িক বিশ্রাম শেষে রাতে বিমানে ঢাকায় ফিরবেন।
এর আগে রোববার রাতে রাজধানীর মহাখালী ও বনানীর পূজামণ্ডপ পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন ডা. জুবাইদা রহমান।
মঙ্গলবার দুর্গাপূজার মহানবমী উদ্যাপিত হবে। পরদিন বুধবার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এবারের দুর্গোৎসব শেষ হবে।









মন্তব্য
এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।