মূল লেখায় যান
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ · ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বিনোদন

তিশার সাথে বিচ্ছেদের গুঞ্জন, যা বললেন ফারুকী

নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার দাম্পত্য সম্পর্ক নিয়ে বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়েছে শোবিজ অঙ্গনে। বিভিন্ন সংবাদমাধ্যমে তাঁদের আলাদা থাকা ও সম্পর্কের টানাপোড়েন নিয়ে খবর প্রকাশিত হলেও এসব খবরকে মিথ্যা বলে দাবি করেছেন ফারুকী। এ বিষয়ে

তিশার সাথে বিচ্ছেদের গুঞ্জন, যা বললেন ফারুকী
ছবি: সংগৃহীত

নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার দাম্পত্য সম্পর্ক নিয়ে বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়েছে শোবিজ অঙ্গনে। বিভিন্ন সংবাদমাধ্যমে তাঁদের আলাদা থাকা ও সম্পর্কের টানাপোড়েন নিয়ে খবর প্রকাশিত হলেও এসব খবরকে মিথ্যা বলে দাবি করেছেন ফারুকী। এ বিষয়ে তিনি কিংবা তিশা কেউই মন্তব্য করতে চান না বলে জানিয়েছেন এই নির্মাতা।

ব্যক্তিগত জীবন নিয়ে ছড়িয়ে পড়া আলোচনা প্রসঙ্গে ফারুকী বলেন, তাঁকে নিয়ে অনেক আগে থেকেই নানা অপপ্রচার ও মিথ্যা খবর ছড়ানো হচ্ছে। এখন ব্যক্তিগত আক্রমণ করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

ফারুকীর ভাষ্য, মিথ্যা সংবাদ প্রকাশ করলেই কোনো ঘটনা সত্য হয়ে যায় না। এসব বিষয়ে কথা বললে গুজব আরও উৎসাহ পাবে বলে মনে করেন তিনি। তাই নিজের বা তিশার ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্য না করে বরং তাঁদের নতুন কাজ নিয়ে কথা বলার আহ্বান জানিয়েছেন এই নির্মাতা।

ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনার মধ্যেও কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন ফারুকী। তিনি জানান, গত ১০ অক্টোবর বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আমন্ত্রণে দক্ষিণ কোরিয়ায় গিয়েছিলেন। সেখানে চলচ্চিত্র নিয়ে বক্তব্য দেন তিনি। বুসানে যাওয়ার আগেই একটি বিজ্ঞাপনচিত্রের কাজ শেষ করেছিলেন। পরে ১৭ অক্টোবর দেশে ফিরে নতুন বিজ্ঞাপনের কাজ শুরু করেন।

বর্তমানে তিনটি বিজ্ঞাপনচিত্র নির্মাণের কাজে ব্যস্ত রয়েছেন ফারুকী। এর মধ্যে একটি স্বাস্থ্যসেবাবিষয়ক এবং অন্য দুটি ভবন নির্মাণসামগ্রী নিয়ে। একটি বিজ্ঞাপনচিত্রের শুটিং ইতিমধ্যে শেষ হয়েছে। এর দৃশ্যধারণ করা হয়েছে ঢাকা, ময়মনসিংহ ও দক্ষিণ কোরিয়ায়।

বিজ্ঞাপনচিত্রের পাশাপাশি সিনেমা নিয়েও কাজ করছেন এই নির্মাতা। একটি সিনেমার গল্প লেখা শেষ করেছেন তিনি। এখন নতুন আরেকটি সিনেমার গল্প লেখার কাজ শুরু করেছেন।

অন্যদিকে, ব্যক্তিগত জীবন নিয়ে গুঞ্জনের মধ্যেই নিজের কাজ এগিয়ে নিচ্ছেন তিশা। সম্প্রতি তিনি ‘ফুলস্ক্রিন’ নামে একটি প্রযোজনা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। গত ২৮ সেপ্টেম্বর প্রতিষ্ঠানটির নামে খোলা ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে আরশ খান ও প্রিয়ন্তী উর্বি অভিনীত একটি নাটক।

তিশার অভিনয় নিয়েও কথা বলেছেন ফারুকী। তিনি জানান, একটি আন্তর্জাতিক সিনেমায় অভিনয়ের বিষয়ে তিশার সঙ্গে আলোচনা চলছে। তবে সিনেমাটি সম্পর্কে এখনই বিস্তারিত জানাতে চাননি তিনি। সবকিছু চূড়ান্ত হলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হবে বলে জানান এই নির্মাতা।

কাজের সূত্র ধরেই পরিচয় হয়েছিল ফারুকী ও তিশার। সেই পরিচয় থেকে বন্ধুত্ব, পরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তাঁদের মধ্যে। পাঁচ বছর প্রেমের পর ২০১০ সালের ১৬ জুলাই বিয়ে করেন তাঁরা। ২০২২ সালে এই দম্পতির ঘরে জন্ম নেয় কন্যাসন্তান ইলহাম নুসরাত ফারুকী।

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০