মূল লেখায় যান
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ · ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাতীয়

৩ দিন মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে যে এলাকায়

ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচনে ভোটগ্রহণ উপলক্ষে নির্বাচনী এলাকায় তিন দিনের জন্য মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৭ অক্টোবর মধ্যরাত ১২টা থেকে ৩০ অক্টোবর মধ্যরাত ১২টা পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

৩ দিন মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে যে এলাকায়
ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচনে ভোটগ্রহণ উপলক্ষে নির্বাচনী এলাকায় তিন দিনের জন্য মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৭ অক্টোবর মধ্যরাত ১২টা থেকে ৩০ অক্টোবর মধ্যরাত ১২টা পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

এ ছাড়া ২৮ অক্টোবর মধ্যরাত ১২টা থেকে ২৯ অক্টোবর মধ্যরাত ১২টা পর্যন্ত ট্যাক্সিক্যাব, প্রাইভেট কার, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলও বন্ধ থাকবে।

বুধবার (১৪ অক্টোবর) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন এ তথ্য জানিয়েছেন।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিবকে পাঠানো ইসির চিঠিতে বলা হয়েছে, ভোটগ্রহণের দিন ২৯ অক্টোবরের আগে ও ভোটের দিন যান চলাচল নিয়ন্ত্রণে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন, অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষক এবং জরুরি সেবায় নিয়োজিত যানবাহন এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে। এ ছাড়া ওষুধ, স্বাস্থ্যসেবা ও চিকিৎসাসামগ্রী এবং সংবাদপত্র বহনকারী যানবাহন চলাচল করতে পারবে। দূরপাল্লার যাত্রী পরিবহন এবং দূরপাল্লার যাত্রী হিসেবে স্থানীয় পর্যায়ে যাতায়াতের ক্ষেত্রেও ছাড় দেওয়া হবে।

ইসির সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাঁর নির্বাচনী এজেন্টের জন্য একটি করে জিপ, কার, মাইক্রোবাসসহ ছোট আকৃতির যানবাহন চলাচলের অনুমতি দেওয়া যেতে পারে। এ ক্ষেত্রে রিটার্নিং কর্মকর্তার অনুমোদন এবং গাড়িতে নির্ধারিত স্টিকার প্রদর্শন করতে হবে।

সাংবাদিক, পর্যবেক্ষক কিংবা জরুরি কাজে ব্যবহৃত যানবাহন ও মোটরসাইকেলও নির্বাচন কমিশন বা রিটার্নিং কর্মকর্তার অনুমোদন সাপেক্ষে চলাচল করতে পারবে।

আগামী ২৯ অক্টোবর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে এ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনী প্রচারণা চলবে ২৭ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত।

এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচ প্রার্থী। তাঁরা হলেন বিএনপির মির্জা ফয়সল আমিন (ধানের শীষ), জামায়াতে ইসলামীর মো. দেলাওয়ার হোসেন (দাঁড়িপাল্লা), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী (বটগাছ), ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ ডা. মো. খাদেমুল ইসলাম (হাতপাখা) এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক (ডাব)।

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০