সংরক্ষিত নারী আসন-২৩-এর উপনির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীদের বিদ্যুৎ, গ্যাস, পানি ও টেলিফোন বিল পরিশোধের তথ্য যাচাই করবে নির্বাচন কমিশন (ইসি)। এ জন্য সংশ্লিষ্ট সেবা প্রদানকারী সংস্থাগুলোর কাছে প্রয়োজনীয় তথ্য চেয়ে চিঠি পাঠিয়েছে কমিশন।
বৃহস্পতিবার ইসির যুগ্ম সচিব মো. মঈন উদ্দীন খান বিষয়টি জানান।
ইসির চিঠিতে বলা হয়েছে, এ উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৬ অক্টোবর বিকেল ৪টা। পরদিন ২৭ অক্টোবর নির্ধারিত সময়সূচি অনুযায়ী মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। এ প্রক্রিয়ায় প্রার্থীদের বিল বকেয়া থাকার বিষয়টি খতিয়ে দেখা হবে।
গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ১২ অনুচ্ছেদ অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার দিনের আগে সরকারি টেলিফোন, গ্যাস, বিদ্যুৎ, পানি কিংবা অন্য কোনো সেবা প্রদানকারী সংস্থার বিল পরিশোধে ব্যর্থ হলে সংশ্লিষ্ট ব্যক্তি সংসদ সদস্য নির্বাচিত হওয়া বা পদে থাকার অযোগ্য হতে পারেন।
চিঠিতে আরও জানানো হয়েছে, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২৬ অক্টোবর বিকেল ৪টার পর প্রার্থীদের তালিকা সংশ্লিষ্ট সেবা সংস্থাগুলোকে দেওয়া হবে। তালিকা যাচাই করে ২৭ অক্টোবর মনোনয়নপত্র বাছাইয়ের নির্ধারিত সময়ে সংশ্লিষ্ট সংস্থার একজন উপযুক্ত কর্মকর্তাকে প্রয়োজনীয় তথ্য ও মতামতসহ নির্বাচন কমিশন সচিবালয়ে উপস্থিত থাকতে হবে।
ইসি জানিয়েছে, প্রার্থীদের তালিকা পাওয়ার পর সংশ্লিষ্ট সংস্থাগুলো যদি নির্ধারিত সময়ের মধ্যে কোনো তথ্য বা মতামত না দেয়, তাহলে তালিকাভুক্ত প্রার্থীরা ওই বিধান অনুযায়ী অযোগ্য নন বলে ধরে নেওয়া হবে। এ জন্য সংস্থাগুলোকে ২৬ অক্টোবর বিকেল ৪টার পর নির্বাচন কমিশন সচিবালয় থেকে প্রার্থীদের তালিকা সংগ্রহ করতে বলা হয়েছে।
এ বিষয়ে চিঠি পাঠানো সংস্থাগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি), ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো), ঢাকা ও চট্টগ্রাম ওয়াসা, বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল), তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, বাখরাবাদ গ্যাস সিস্টেমস এবং জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম।
নির্বাচনের তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল করা যাবে ২৮ অক্টোবর। আপিল নিষ্পত্তি হবে ২৯ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১ নভেম্বর এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২ নভেম্বর। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ নভেম্বর।
সম্প্রতি রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় নাম আসার পর প্রধানমন্ত্রীর নির্দেশে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এরপর আসনটি শূন্য ঘোষণা করে উপনির্বাচনের তফসিল দেয় নির্বাচন কমিশন।









মন্তব্য
এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।