মূল লেখায় যান
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ · ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাতীয়

সপ্তাহের শেষ দিকে বৃষ্টির সম্ভাবনা, জানাল আবহাওয়া অধিদপ্তর

দেশে আগামী সপ্তাহে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। ধীরে ধীরে দেশের বিভিন্ন বিভাগে বৃষ্টির বিস্তার ঘটার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

সপ্তাহের শেষ দিকে বৃষ্টির সম্ভাবনা, জানাল আবহাওয়া অধিদপ্তর
ছবি: সংগৃহীত

দেশে আগামী সপ্তাহে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। ধীরে ধীরে দেশের বিভিন্ন বিভাগে বৃষ্টির বিস্তার ঘটার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, তামিলনাড়ু উপকূলের কাছে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি বর্তমানে কমোরিন ও এর আশপাশের দক্ষিণ তামিলনাড়ু উপকূলীয় এলাকায় অবস্থান করছে। এ ছাড়া আগামী ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও এর সংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে আরেকটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। লঘুচাপটি আরও ঘনীভূত হওয়ারও সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এ সময় দিন ও রাতের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের আশঙ্কা নেই।

শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টাতেও সারাদেশে প্রধানত শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে। আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও আবহাওয়ার পরিস্থিতি অনেকটা একই রকম থাকতে পারে। এদিন সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

তবে রবিবার (২৫ অক্টোবর) থেকে বৃষ্টির সম্ভাবনা কিছুটা বাড়তে পারে। এদিন সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এ সময় দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সোমবার (২৬ অক্টোবর) খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের অন্যান্য স্থানে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এদিন সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, পরবর্তী পাঁচ দিনে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। একই সাথে দেশের অন্যান্য বিভাগেও বৃষ্টিপাত ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে।

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০