মূল লেখায় যান
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ · ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
প্রিয় চট্টগ্রাম

৪১ ওয়ার্ডে ৪১টি খেলার মাঠ গড়ার অঙ্গীকার বাস্তবায়নে কাজ চলছে: মেয়র শাহাদাত

চট্টগ্রাম নগরীর ৪১টি ওয়ার্ডে ৪১টি খেলার মাঠ গড়ে তোলার নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে জোরকদমে কাজ চলছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের পর ইতোমধ্যে ১১টি মাঠের উন্নয়ন ও প্রস্তুতকরণের কাজ সম্পন

৪১ ওয়ার্ডে ৪১টি খেলার মাঠ গড়ার অঙ্গীকার বাস্তবায়নে কাজ চলছে: মেয়র শাহাদাত

চট্টগ্রাম নগরীর ৪১টি ওয়ার্ডে ৪১টি খেলার মাঠ গড়ে তোলার নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে জোরকদমে কাজ চলছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের পর ইতোমধ্যে ১১টি মাঠের উন্নয়ন ও প্রস্তুতকরণের কাজ সম্পন্ন করা হয়েছে এবং অন্যান্য মাঠের উন্নয়নপ্রক্রিয়াও দ্রুত গতিতে এগিয়ে চলেছে।

আজ শনিবার (১০ অক্টোবর) দুপুরে কল্পলোক আবাসিক এলাকার ১ নম্বর খেলার মাঠ ও পার্ক সংস্কারকাজের উদ্বোধন ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চসিক মেয়র এসব তথ্য জানান। কল্পলোক মডেল মসজিদ চত্বর প্রাঙ্গণে ‘কল্পলোক আবাসিক সমাজকল্যাণ সমিতি (১ম পর্যায়)’ এই সুধী সমাবেশের আয়োজন করে।

মেয়র ডা. শাহাদাত হোসেন জানান, শপথ গ্রহণের পরপরই প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ গড়ার ঘোষিত প্রতিশ্রুতি অনুযায়ী হালিশহর এইচ ব্লক, বহুরূপী, ফিরোজশাহ, হালিশহর এস ব্লক ও বিডিআর মাঠসহ বেশ কয়েকটি মাঠ সম্পূর্ণ প্রস্তুত করে খেলার উপযোগী করা হয়েছে।

বর্তমানে হালিশহর শিশু পার্ক, হাজী মোহাম্মদ মহসীন কলেজ মাঠ, বাকলিয়া স্টেডিয়াম ও বাকলিয়া স্কুল মাঠের সংস্কারকাজ চলমান রয়েছে এবং আগ্রাবাদ জাম্বুরি মাঠের উন্নয়ন শেষ পর্যায়ে রয়েছে। অবশিষ্ট ওয়ার্ডগুলোতে নতুন মাঠ তৈরির লক্ষ্যে ডিপিপি প্রস্তুতসহ প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রমও জোরদার করা হয়েছে।

খেলাধুলার সামাজিক প্রয়োজনীয়তা তুলে ধরে মেয়র বলেন, “খেলাধুলা কেবল শারীরিক কসরত নয়, বরং কিশোর-তরুণদের মানসিক বিকাশ এবং মাদকাসক্তি, সন্ত্রাস ও কিশোর গ্যাং কালচারের বিরুদ্ধে সবচেয়ে বড় সামাজিক প্রতিরোধ। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী ৪১টি ওয়ার্ডেই উন্মুক্ত খেলার পরিবেশ নিশ্চিত করে একটি নিরাপদ চট্টগ্রাম উপহার দিতে আমি নিরলসভাবে কাজ করে যাব।”

অনুষ্ঠানে কল্পলোক আবাসিক সমাজকল্যাণ সমিতির (১ম পর্যায়) সভাপতি এম. আব্দু শুক্কুরের সভাপতিত্বে মুখ্য উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান।

এছাড়া সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন সংস্কারকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। সমাবেশে চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন লিপুসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন আলী আকবর।

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০