দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫১২ জন। তাঁদের মধ্যে চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৯৪ জন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ডেঙ্গুতে মোট ৩৬৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে অক্টোবরের প্রথম ২১ দিনে মারা গেছেন ১২৪ জন। সেপ্টেম্বরে সর্বোচ্চ ১৪৮ জনের মৃত্যু হয়। এ ছাড়া আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে মারা যান।
বুলেটিনে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ১ হাজার ৫১২ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৮ হাজার ৫০২ জনে।
এ সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ হাজার ৪৫৫ জন। চলতি বছর এ পর্যন্ত মোট ১ লাখ ১২ হাজার ১১১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৫০৭ জন রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে। এ ছাড়া চট্টগ্রামে ২৯৪ জন, খুলনায় ২০৬ জন, রাজশাহীতে ১৬২ জন, বরিশালে ১৩১ জন, ময়মনসিংহে ৬০ জন এবং রংপুরে ৪৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।









মন্তব্য
এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।