মাত্র ১১১ দিনে ক্যালিফোর্নিয়ার ৯০০ মাইল দীর্ঘ উপকূল সাঁতরে পাড়ি দিয়ে ইতিহাস গড়েছেন ৩৩ বছর বয়সী মার্কিন উন্মুক্ত জলাশয়ের সাঁতারু ক্যাথরিন ব্রিড। গত ১ জুলাই ওরেগন সীমান্ত থেকে শুরু হওয়া তার এই দীর্ঘ যাত্রা ১৯ অক্টোবর মেক্সিকোর টিজুয়ানা সীমান্তে গিয়ে শেষ হয়।
প্রতিদিন গড়ে পাঁচ থেকে আট ঘণ্টা খোলা সমুদ্রে সাঁতার কেটেছেন ক্যাথরিন। লস অ্যাঞ্জেলেস টাইমস ও নিউইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, এই অর্জন এখনো তার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে।
চার মাসের কাছাকাছি সময় ধরে চলা এই অভিযান মোটেও সহজ ছিল না। বিশেষ করে এল নিনোর প্রভাবে সমুদ্রের প্রতিকূল আবহাওয়ার কারণে তাকে বারবার সাঁতারের দিক পরিবর্তন করতে হয়েছে। এতে বেড়েছে সাঁতারের সময় ও দূরত্ব, দুটোই।
এর পাশাপাশি সমুদ্রের দ্রুতগতির শিকারি হিসেবে পরিচিত মাকো হাঙরের মুখোমুখিও হতে হয় তাকে। তবে হাঙরটি দেখার মাত্র ১০ সেকেন্ডের মধ্যে দলের ক্যাপ্টেন মেইসি ব্রিস্টো তাকে নিরাপদে ৫২ ফুট দীর্ঘ নৌকায় তুলে নেন।
বিশ্ব উন্মুক্ত জলাশয় সাঁতার সংস্থার নির্বাহী পরিচালক কুইন ফিটজগেরাল্ড বলেন, এল নিনোর প্রতিকূল পরিস্থিতির মধ্যে এমন উচ্চাভিলাষী অভিযান সফল করা ক্যাথরিনের অসাধারণ প্রতিভার প্রমাণ।
ঐতিহাসিক এই অর্জনের পর ক্যাথরিন তার পুরো দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। টানা প্রায় চার মাস সমুদ্রে কাটানোর পর আপাতত ছুটি কাটাতে মধ্য আমেরিকায় এক বন্ধুর বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে তার।
এরপর সমুদ্র সংরক্ষণে সচেতনতা বাড়ানো এবং সাধারণ মানুষকে বড় লক্ষ্য অর্জনে অনুপ্রাণিত করতে নিজের এই রোমাঞ্চকর যাত্রার গল্প সবার সামনে তুলে ধরতে চান এই সাঁতারু।









মন্তব্য
এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।