মূল লেখায় যান
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ · ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
প্রিয় চট্টগ্রাম

ইউপি নির্বাচনের প্রস্তুতি, দুই ধাপে চট্টগ্রামের ১০০ ইউনিয়নে ভোটের পরিকল্পনা

আসছে বছরের জানুয়ারিতে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন শুরু করার প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। পাঁচ ধাপে অনুষ্ঠেয় এ নির্বাচনের প্রথম ধাপ ২১ জানুয়ারি এবং দ্বিতীয় ধাপ ৪ ফেব্রুয়ারি আয়োজনের পরিকল্পনা রয়েছে। এ দুই ধাপে চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় ১০০টি ইউ

ইউপি নির্বাচনের প্রস্তুতি, দুই ধাপে চট্টগ্রামের ১০০ ইউনিয়নে ভোটের পরিকল্পনা

আসছে বছরের জানুয়ারিতে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন শুরু করার প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। পাঁচ ধাপে অনুষ্ঠেয় এ নির্বাচনের প্রথম ধাপ ২১ জানুয়ারি এবং দ্বিতীয় ধাপ ৪ ফেব্রুয়ারি আয়োজনের পরিকল্পনা রয়েছে। এ দুই ধাপে চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় ১০০টি ইউনিয়ন পরিষদে ভোট আয়োজনের প্রস্তুতি নিতে বলা হয়েছে বলে নির্বাচন কমিশন-সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

চট্টগ্রাম জেলা ও আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের তিন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, কমিশনের পরিকল্পনা অনুযায়ী প্রথম দুই ধাপে চট্টগ্রামের ১০০ ইউনিয়নে নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে। তবে কৌশলগত কারণে কোন কোন উপজেলা ও ইউনিয়নে ভোট হবে, সে তালিকা তাঁরা প্রকাশ করেননি।

কর্মকর্তারা জানান, নির্বাচনের প্রস্তুতি হিসেবে ভোটার তালিকা হালনাগাদ এবং ভোটকেন্দ্র ও ভোটকক্ষের তালিকা তৈরির কাজ সম্পন্ন হয়েছে। কমিশনের নির্দেশনা পাওয়া মাত্রই পরবর্তী কার্যক্রম শুরু করা হবে।

১৮৯ ইউনিয়নে ভোটের প্রস্তুতি

নির্বাচন কমিশন সূত্রের তথ্য অনুযায়ী, চট্টগ্রামের ১৬ উপজেলায় মোট ১৯১টি ইউনিয়ন পরিষদ রয়েছে। এর মধ্যে ১৮৯টি নির্বাচনের উপযোগী। বাকি দুটি ইউনিয়নে সীমানা ও প্রশাসনিক জটিলতা রয়েছে।

বোয়ালখালীর পশ্চিম গোমদণ্ডী ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড পুনর্বিন্যাস করে পৃথক ইউনিয়ন গঠনের প্রস্তাব রয়েছে। অন্যদিকে, সন্দ্বীপের উড়িরচরের সীমানা বিরোধ নিয়ে আদালতে মামলা চলমান। এ কারণে আপাতত এই দুই ইউনিয়নে নির্বাচন আয়োজনের অনুকূল পরিস্থিতি নেই বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

নির্বাচন কমিশনের প্রস্তুতি অনুযায়ী, চট্টগ্রামের ১৮৯টি ইউনিয়নে মোট ভোটার ৪২ লাখ ৪৫ হাজার ৬৬৯ জন। এসব ইউনিয়নে ভোটকেন্দ্রের সংখ্যা ১ হাজার ৭৮১টি এবং ভোটকক্ষ ৮ হাজার ১৫৩টি।

চট্টগ্রাম জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বশির আহমদ বলেন, আমাদের প্রস্তুতি গুছিয়ে রাখা হয়েছে। নির্বাচন কমিশন যখন যে নির্দেশনা দেবে, সেভাবে আমরা কাজ শুরু করবো।

জনপ্রতিনিধির অনুপস্থিতিতে ব্যাহত জনসেবা

চট্টগ্রামের বিভিন্ন উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের অনেক জনপ্রতিনিধি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তাঁদের অনেকে আত্মগোপনে চলে যান, আবার কেউ কেউ গ্রেপ্তার হয়ে কারাগারে যান। ফলে অনেক স্থানীয় সরকার প্রতিষ্ঠানে প্রশাসনের কর্মকর্তাদের অতিরিক্ত দায়িত্ব দিয়ে কার্যক্রম চালানো হচ্ছে। এতে জনসেবা ব্যাহত হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রের ভাষ্য।

জাতীয় সংসদ নির্বাচনের পর স্থানীয় সরকার নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলোর তৎপরতা বেড়েছে। বিএনপির সম্ভাব্য প্রার্থীরা বিভিন্ন এলাকায় জনসংযোগের পাশাপাশি রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় কর্মসূচিতেও অংশ নিচ্ছেন। সদ্য শেষ হওয়া শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সম্ভাব্য প্রার্থীদের অনেকে পোস্টার-ব্যানারের মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন এবং বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন।

একক প্রার্থী বাছাইয়ে বিএনপির চ্যালেঞ্জ

ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা না হলেও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বিএনপির একাধিক নেতা চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করছেন। কোনো কোনো ইউনিয়নে তিন-চারজন বা তারও বেশি নেতা প্রস্তুতি নিচ্ছেন। ফলে দল-সমর্থিত একক প্রার্থী নির্ধারণ বিএনপির জন্য সাংগঠনিক চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।

গেল ৯ আগস্ট ও ২০ অক্টোবর চট্টগ্রাম সফরে এসে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন। স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকা এবং জনগণের কাছে গ্রহণযোগ্য প্রার্থী বাছাইয়ের নির্দেশনা দেন। দলীয়ভাবে একক প্রার্থী নির্ধারণ ও তাঁকে বিজয়ী করতে কাজ করার ওপরও গুরুত্ব দেন তিনি।

এদিকে, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি মনোনয়নপ্রত্যাশীদের কাছ থেকে তথ্য ফরম সংগ্রহ করেছে। উত্তর জেলার বিভিন্ন উপজেলাতেও প্রার্থী বাছাইয়ের কার্যক্রম শুরু হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

তবে নির্বাচন কমিশন এখনো ইউনিয়ন পরিষদ নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করেনি। ফলে ভোটের চূড়ান্ত সময়সূচি, ধাপভিত্তিক ইউনিয়নের তালিকা ও অন্যান্য নির্বাচনী কার্যক্রম কমিশনের আনুষ্ঠানিক ঘোষণার ওপর নির্ভর করছে।

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০