মূল লেখায় যান
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ · ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাতীয়

আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা দেখছি না: স্পিকার

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, আগামী ১০ বছরেও শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা দেখছেন না তিনি। নিজের রাজনৈতিক অভিজ্ঞতার ভিত্তিতে এমন ধারণা পোষণ করছেন বলে মন্তব্য করেন স্পিকার। বৃহস্পতিবার সকালে ভোলা সার্কিট হাউজে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।...

আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা দেখছি না: স্পিকার

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, আগামী ১০ বছরেও শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা দেখছেন না তিনি। নিজের রাজনৈতিক অভিজ্ঞতার ভিত্তিতে এমন ধারণা পোষণ করছেন বলে মন্তব্য করেন স্পিকার।

বৃহস্পতিবার সকালে ভোলা সার্কিট হাউজে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় দেশের রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনি ব্যবস্থার সংস্কার, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন এবং ভোলার প্রাকৃতিক গ্যাসের ব্যবহার নিয়ে কথা বলেন তিনি।

স্পিকার বলেন, আওয়ামী লীগ তাদের শাসনামলে এমন একটি পরিবেশ তৈরি করেছিল, যেখানে সমাজের সৎ, যোগ্য ও নিরপেক্ষ ব্যক্তিদের পক্ষে নির্বাচনে অংশগ্রহণ করা কঠিন ছিল। এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য নির্বাচনি ব্যবস্থার আমূল সংস্কার প্রয়োজন বলে মনে করেন তিনি।

হাফিজ উদ্দিন আহমেদ বলেন, একজন ব্যক্তি অর্থশালী বা বিত্তবান না হলেও তাঁর জনপ্রিয়তা ও সামাজিক গ্রহণযোগ্যতা থাকতে পারে। এমন ব্যক্তিদেরও নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে হবে। এ জন্য নির্বাচন কমিশনকে এমন একটি কার্যকর পদ্ধতি নির্ধারণ করতে হবে, যাতে সাধারণ মানুষ সহজে নির্বাচনে অংশ নিতে পারেন এবং অর্থনৈতিক সামর্থ্য নির্বাচনে অংশগ্রহণের প্রধান বাধা হয়ে না দাঁড়ায়।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে স্পিকার বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়া অত্যন্ত জরুরি। গত ১৭ বছরে দেশে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়নি বলে মন্তব্য করে তিনি আশা প্রকাশ করেন, আগামী স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হবে।

এদিকে ভোলার প্রাকৃতিক গ্যাসের সম্ভাবনা ও স্থানীয় মানুষের অধিকার নিয়েও কথা বলেন জাতীয় সংসদের স্পিকার। তিনি বলেন, ভোলায় পর্যাপ্ত প্রাকৃতিক গ্যাসের মজুত রয়েছে। দেশের বর্তমান গ্যাসের মজুতের সঙ্গে তুলনা করলে ভোলায় উল্লেখযোগ্য পরিমাণ গ্যাস থাকার বিষয়টি সামনে আসে। এ ছাড়া জেলায় আরও গ্যাসের সন্ধান পাওয়ার সম্ভাবনাও রয়েছে বলে আশা প্রকাশ করেন তিনি।

ভোলার মানুষের গ্যাসের চাহিদার কথা তুলে ধরে হাফিজ উদ্দিন আহমেদ বলেন, স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে গ্যাসের জন্য কষ্ট করছেন। ভোলার গ্যাসের ওপর স্থানীয় মানুষের ন্যায্য অধিকার রয়েছে এবং এটি তাঁদের দীর্ঘদিনের দাবি। এ বিষয়ে তিনি জ্বালানিমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন বলেও জানান।

এ সময় ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর, জেলা বিএনপির সদস্যসচিব রাইসুল আলমসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০