সৌদি আরবের বিমানবন্দরগুলোর নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হওয়ায় দেশটির বিভিন্ন গন্তব্যে আবারও ফ্লাইট চালু করছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এর অংশ হিসেবে বৃহস্পতিবার ২২ অক্টোবর সকাল ৮টা থেকে ঢাকা থেকে সৌদি আরবের দাম্মামের উদ্দেশে ফ্লাইট চলাচল শুরু হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানিয়েছে, আগামী ২৬ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল ৮টায় ঢাকা থেকে দাম্মামের উদ্দেশে ফ্লাইট ছেড়ে যাবে। এসব ফ্লাইট পরিচালনায় বোয়িং ৭৭৭ উড়োজাহাজ ব্যবহার করা হবে।
এদিকে, ২২ অক্টোবর ঢাকা থেকে জেদ্দার উদ্দেশে দুটি ফ্লাইট পরিচালনা করবে বিমান। এ ছাড়া ২৩, ২৪ ও ২৫ অক্টোবর প্রতিদিন সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ঢাকা থেকে জেদ্দার উদ্দেশে একটি করে ফ্লাইট ছেড়ে যাবে।
অন্যদিকে, মদিনাগামী ফ্লাইট চলাচল নিয়মিত রয়েছে। এ রুটে বোয়িং ৭৮৭ উড়োজাহাজ ব্যবহার করা হচ্ছে। পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত মদিনাগামী ফ্লাইটের কার্যক্রম ও সময়সূচি অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।
ফ্লাইট পরিচালনা ও সময়সূচি সম্পর্কে পরবর্তী হালনাগাদ তথ্য যথাসময়ে জানানো হবে। টিকিট কেনা, বুকিং ও ভ্রমণসংক্রান্ত তথ্যের জন্য যাত্রীদের নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিক্রয়কেন্দ্রে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
চলতি মাসের প্রথম দিকে সৌদি আরবের রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ অন্তত ১৪ জন নিহত হন। এরপর ওই বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত করে সৌদি কর্তৃপক্ষ।
এ পরিস্থিতিতে ১০ অক্টোবর ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট বাতিল করে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। পরে সৌদি আরবের দাম্মামগামী ফ্লাইটও বাতিল করা হয়। নিরাপত্তা পরিস্থিতির উন্নতির পর এখন আবারও দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু হয়েছে।









মন্তব্য
এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।