মূল লেখায় যান
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ · ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাতীয়

আলজেরিয়া থেকে এলএনজি-এলপিজি আমদানি করবে বাংলাদেশ

সমঝোতা স্মারক সইয়ের পাশাপাশি দুই দেশের মধ্যে জ্বালানি খাতে সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে রয়েছে সরকার থেকে সরকার (জিটুজি) ভিত্তিতে এলএনজি, এলপিজি ও অন্যান্য পেট্রোলিয়াম পণ্য আমদানি, দেশে এসব জ্বালানির অবকাঠামো উন্নয়ন এবং তেল, গ্যাস ও ক

আলজেরিয়া থেকে এলএনজি-এলপিজি আমদানি করবে বাংলাদেশ
ছবি: সংগৃহীত

সমঝোতা স্মারক সইয়ের পাশাপাশি দুই দেশের মধ্যে জ্বালানি খাতে সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে রয়েছে সরকার থেকে সরকার (জিটুজি) ভিত্তিতে এলএনজি, এলপিজি ও অন্যান্য পেট্রোলিয়াম পণ্য আমদানি, দেশে এসব জ্বালানির অবকাঠামো উন্নয়ন এবং তেল, গ্যাস ও কয়লা অনুসন্ধানে পারস্পরিক সহযোগিতা।

জ্বালানি নিরাপত্তা জোরদার করতে আলজেরিয়া থেকে সরকার-টু-সরকার (জিটুজি) ভিত্তিতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অন্যান্য পেট্রোলিয়াম পণ্য আমদানির উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। এ লক্ষ্যে জ্বালানিখাতে সহযোগিতা বাড়াতে বাংলাদেশের সাথে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়া।

মঙ্গলবার (২০ অক্টোবর) আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এবং আলজেরিয়ার হাইড্রোকার্বনবিষয়ক মন্ত্রী মোহামেদ আরকাব নিজ নিজ দেশের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের আফ্রিকা অনুবিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সমঝোতা স্মারক সইয়ের পাশাপাশি দুই দেশের মধ্যে জ্বালানি সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এর মধ্যে রয়েছে জিটুজি ভিত্তিতে এলএনজি, এলপিজি ও অন্যান্য পেট্রোলিয়াম পণ্য আমদানি, দেশে এসব জ্বালানির অবকাঠামো উন্নয়ন এবং তেল, গ্যাস ও কয়লা অনুসন্ধানে সহযোগিতা। এ ছাড়া বাংলাদেশের প্রকৌশলী ও কারিগরি কর্মীদের দক্ষতা বাড়াতে আলজেরিয়ার জ্বালানিখাতের অভিজ্ঞতা ও প্রযুক্তিগত জ্ঞান বিনিময়ের জন্য প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনের অনুরোধ জানান বাংলাদেশের জ্বালানিমন্ত্রী।

সমঝোতা স্মারক সইয়ের পর ইকবাল হাসান মাহমুদ বলেন, এ উদ্যোগ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। এর মাধ্যমে জিটুজি ব্যবস্থায় আফ্রিকার বিকল্প উৎস থেকে এলএনজি, এলপিজি ও অন্যান্য পেট্রোলিয়াম পণ্য আমদানির সুযোগ তৈরি হবে।

এদিকে, ২০ অক্টোবর আলজেরিয়ার খনি ও খনিজ শিল্পবিষয়ক মন্ত্রী মুরাদ হানাফি এবং জ্বালানি ও নবায়নযোগ্য জ্বালানিবিষয়ক মন্ত্রী মুরাদ আদজাল পৃথকভাবে বাংলাদেশের জ্বালানিমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন। এসব বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০