বান্দরবানের লামা উপজেলা থেকে গত তিন দিন ধরে নিখোঁজ থাকা ইয়াংছা উচ্চ বিদ্যালয়ের তিন স্কুলছাত্রীকে চট্টগ্রাম মহানগরীর খুলশী থানা এলাকা থেকে সুস্থ অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৪ অক্টোবর) গভীর রাতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহায়তায় খুলশী এলাকার পৃথক দুটি আবাসিক বাসা থেকে তাঁদের উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া শিক্ষার্থীরা হলেন—লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা মুসলিম পাড়ার রেশমি আক্তার (১৭), তানিয়া সুলতানা (১৩) ও হালিমাতুচ্ছ সাদিয়া (১৪)।
বান্দরবান জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা যায়, গত ১১ অক্টোবর সকাল সাড়ে ৯টার দিকে বিদ্যালয়ের রেজিস্ট্রেশন কার্ড ও সার্টিফিকেট আনার কথা বলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় এই তিন ছাত্রী। স্বজনরা কোথাও তাদের সন্ধান না পেয়ে লামা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন। এর পর থেকে পুলিশ প্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান নিশ্চিত করতে অনুসন্ধান শুরু করে।
পরবর্তীতে পাওয়া গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে খুলশী থানার ২ নম্বর রোডের একটি বাসা এবং খুলশী টাউন সেন্টারের কনকর্ড টাওয়ারের অপর একটি বাসা থেকে পৃথকভাবে তিন ছাত্রীকে উদ্ধার করা হয়।
পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, ওই তিন ছাত্রী স্বপ্রণোদিত হয়ে গৃহপরিচারিকার কাজ করার উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিল। উদ্ধারের পর প্রয়োজনীয় আইনি আনুষ্ঠানিকতা শেষে রাতেই তাঁদের নিজ নিজ পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।









মন্তব্য
এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।