বাংলাদেশে এবার সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্যাপিত হচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি আশা প্রকাশ করেছেন, মানুষের মধ্যে এই আন্তরিকতা ও সৌহার্দ্য ভবিষ্যতেও বজায় থাকবে।
সোমবার (১৯ অক্টোবর) সকালে রাজধানীর বনানী পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
দীনেশ ত্রিবেদী বলেন, বাংলাদেশে বর্ণিল ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদ্যাপন হচ্ছে। সম্প্রীতির দেশ গড়ে তুলতে হলে পূজায় যে পরিবেশ দেখা যাচ্ছে, তা সব সময় বজায় রাখা প্রয়োজন।
সবার মধ্যে সহাবস্থানের গুরুত্ব তুলে ধরে ভারতীয় হাইকমিশনার বলেন, তিনি হাইকমিশনার হিসেবে নয়, বরং পরিবারের একজন সদস্য হিসেবে পূজার আনন্দ ভাগাভাগি করতে এসেছেন।
বাংলাদেশে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শেষ হবে বলে আশা প্রকাশ করেন দীনেশ ত্রিবেদী। একই সঙ্গে ভবিষ্যতেও মানুষের মধ্যে পারস্পরিক আন্তরিকতা ও সৌহার্দ্য বজায় থাকবে বলে প্রত্যাশা জানান তিনি।
পূজামণ্ডপ পরিদর্শনকালে দেশ ও সবার শান্তি ও মঙ্গল কামনা করে অঞ্জলিও দেন ভারতীয় হাইকমিশনার।









মন্তব্য
এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।