চট্টগ্রামের বাঁশখালীতে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিলের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। ভিডিও দেখে ৮ থেকে ১০ জনকে শনাক্ত করেছে পুলিশ। তাঁদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
শনিবার (২৪ অক্টোবর) ভোর ৬টার দিকে উপজেলার কাথরিয়া ইউনিয়নে এ মিছিল হয় বলে জানা গেছে। ফেসবুকে ছড়িয়ে পড়া প্রায় দুই থেকে আড়াই মিনিটের ভিডিওতে দেখা যায়, একটি গ্রামীণ কাঁচা সড়কে ৩০ থেকে ৪০ জনের একটি দল ব্যানার ও আওয়ামী লীগের পতাকা নিয়ে মিছিল করছে।
ব্যানারে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শিক্ষা শান্তি প্রগতি’, ‘ডিসেম্বর বিজয় মাসে স্বাগত মিছিল’ এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’সহ বিভিন্ন স্লোগান লেখা ছিল। ব্যানারে বাঁশখালী উপজেলা ছাত্রলীগ ও চট্টগ্রাম দক্ষিণের নামও উল্লেখ রয়েছে।
ভিডিওতে মিছিলকারীদের স্লোগান দিতে দিতে সামনে এগিয়ে যেতে দেখা যায়। একপর্যায়ে তাঁরা একটি বাজারে গিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন। পরে আবার মিছিল শুরু করে সেখান থেকে চলে যান। তবে তাঁরা কোন দিকে গেছেন, সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক বলেন, ভিডিওটি পুলিশের নজরে এসেছে। মিছিলটি শনিবার ভোর ৬টার দিকে হয়েছে। ভিডিও দেখে ৮ থেকে ১০ জনকে শনাক্ত করা হয়েছে। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা ছাত্রলীগের ব্যানারে এবং বোরহান উদ্দিন নামের এক নেতার নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়।









মন্তব্য
এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।