চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় ফোন করে ডেকে নিয়ে এক যুবককে মারধর ও হত্যার হুমকি দিয়ে মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ছিনতাইয়ে ব্যবহৃত একটি প্রাইভেটকারও উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) দিবাগত রাত ১টা ১০ মিনিটে নগরের পাঁচলাইশ থানার মমিনবাগ ৪ নম্বর সড়কের একটি ভবনের নিচতলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রবিউল হাসান ভুঁইয়া (২৫) ও আদনান উদ্দীন (২৮)।
রবিউল নারায়ণগঞ্জ জেলার সোনাডাঙ্গা থানার যাদীপুর ইউনিয়নের নন্দীপুর এলাকার রফিজ উদ্দীন ভুঁইয়ার ছেলে। আদনান রাউজান উপজেলার সুলতানপুর মাঝিরঘাট এলাকার মৃত মহিউদ্দীনের ছেলে।
বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দীন জানান, গত ১৮ অক্টোবর রাত ৯টার দিকে জামাল উদ্দীন জিকু নামে এক যুবক গাজী সারোয়ার শ্রাবণকে ফোন করে রৌফাবাদ এলাকায় ডেকে নেন। শ্রাবণ মোটরসাইকেল নিয়ে সেখানে পৌঁছালে কয়েকজন প্রাইভেটকার নিয়ে এসে তাঁর মোটরসাইকেলটি নিয়ে যাওয়ার চেষ্টা করেন। শ্রাবণ বাধা দিলে তাঁকে মারধর ও হত্যার হুমকি দিয়ে মোটরসাইকেলটি নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ রয়েছে।
ওসি আরও জানান, পরে পাঁচলাইশ থানা এলাকা থেকে মোটরসাইকেলসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত প্রাইভেটকারটিও উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।









মন্তব্য
এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।