চট্টগ্রাম রেঞ্জ পুলিশের ১১ জেলায় গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধবিরোধী অভিযানে ৯৯০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক হয়েছেন ৫৪৫ জন। এ ছাড়া কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য সন্দেহে ২০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৪ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম রেঞ্জ থেকে এসব তথ্য জানানো হয়।
রেঞ্জ পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলায় ৯৬ জন, আগের মামলায় ৬৩ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ২৮ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ১১ জন এবং ১৫১ ধারাসহ অন্যান্য আইনে ৩৯ জন রয়েছেন। এ ছাড়া গ্রেপ্তার হয়েছেন পরোয়ানামূলে ১৪৬ জন, সাজা পরোয়ানামূলে ১৮ জন এবং মাদক মামলায় ৪৪ জন।
মাদক মামলায় গ্রেপ্তার ৪৪ জনের মধ্যে দুজন মাদক বহনকারী ও ৪২ জন মাদকসেবী বলে জানিয়েছে পুলিশ। পাশাপাশি নিয়মিত ও অন্যান্য মামলায় মাদক ব্যবসায়ী হিসেবে আরও ৪৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য সন্দেহে গ্রেপ্তার ২০ জনের মধ্যে নোয়াখালীতে আটজন, চট্টগ্রামে চারজন, কুমিল্লায় তিনজন, ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুরে দুজন করে এবং ফেনীতে একজন রয়েছেন।
কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৫৪৫ জনের মধ্যে ৩৬৯ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে। বাকি ১৭৬ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
জেলাভিত্তিক হিসাবে কুমিল্লায় সর্বোচ্চ ২৭৫ জনকে আটক করা হয়েছে। এ ছাড়া লক্ষ্মীপুরে ৫৪ জন, নোয়াখালীতে ৫০, চাঁদপুরে ৪৩, ফেনীতে ৪০, চট্টগ্রামে ৩৬, ব্রাহ্মণবাড়িয়ায় ২৫, খাগড়াছড়িতে ১২, কক্সবাজারে নয় এবং রাঙামাটিতে একজনকে আটক করা হয়েছে।









মন্তব্য
এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।