মূল লেখায় যান
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ · ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
প্রিয় চট্টগ্রাম

বাড়িতে ফিরতে চাইলেই হত্যার হুমকি, পটিয়ায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীর অভিযোগ

চট্টগ্রামের পটিয়ায় স্ত্রীকে মারধর, নির্যাতন, ভরণপোষণ না দেওয়া এবং সন্তানসহ প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এক প্রবাসফেরত স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় স্বামী, ভাসুর ও জায়ের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী নারী।

বাড়িতে ফিরতে চাইলেই হত্যার হুমকি, পটিয়ায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীর অভিযোগ

চট্টগ্রামের পটিয়ায় স্ত্রীকে মারধর, নির্যাতন, ভরণপোষণ না দেওয়া এবং সন্তানসহ প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এক প্রবাসফেরত স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় স্বামী, ভাসুর ও জায়ের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী নারী।

সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে নিজের ও চার বছর বয়সী মেয়ের অধিকার ফিরে পেতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা চান ওই নারী।

ভুক্তভোগী প্রমা চৌধুরী জানান, প্রায় পাঁচ বছর আগে সনাতন ধর্মীয় রীতিনীতি অনুযায়ী পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বিকাশ চৌধুরীর সাথে তার বিয়ে হয়। তাদের সংসারে চার বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। বিয়ের দুই মাস সাত দিন পর স্বামী প্রবাসে চলে যান।

প্রমার অভিযোগ, প্রবাসে থাকা অবস্থায় স্বামী মাঝেমধ্যে মোবাইল ফোনে যোগাযোগ করলেও সংসারের বিভিন্ন বিষয় নিয়ে কথা বললেই তার সাথে যোগাযোগ বন্ধ করে দিতেন। প্রায় তিন বছর ছয় মাস পর স্বামী দেশে ফিরে আসেন। এরপর তিনি অন্য এক নারীর সাথে পরকীয়ায় জড়িয়ে পড়েছেন বলে অভিযোগ করেন প্রমা।

বিষয়টি জানতে পেরে সন্তান ও সংসারের কথা বিবেচনা করে স্বামীকে সঠিক পথে ফেরার অনুরোধ করেন তিনি। তবে এতে স্বামী ক্ষিপ্ত হয়ে তাকে গালিগালাজ ও মারধর করেন বলে অভিযোগ তার। ভাসুর ও জায়ের প্ররোচনায় স্বামী বিভিন্ন সময় মিথ্যা অপবাদ দিয়ে তাকে অপমান ও মারধর করতেন বলেও দাবি করেন তিনি।

প্রমা বলেন, প্রায় ছয় মাস আগে তাকে মারধর করে বসতঘর থেকে বের করে দেওয়া হয়। এরপর থেকে তিনি তার চার বছর বয়সী মেয়েকে নিয়ে বাবার বাড়িতে বসবাস করছেন।

তার অভিযোগ, বাড়ি থেকে বের করে দেওয়ার পর স্বামী তার ও সন্তানের কোনো ভরণপোষণ দিচ্ছেন না। মোবাইল ফোনে যোগাযোগ করলে স্বামী তাকে ও সন্তানকে আর বাড়িতে ফিরিয়ে নেবেন না বলে জানান। এমনকি বাড়িতে প্রবেশের চেষ্টা করলে তাদের প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

এ ছাড়া স্বামী নিজে আত্মহত্যা করে স্ত্রী ও তার পরিবারের সদস্যদের মিথ্যা মামলায় জড়ানোর হুমকি দিয়েছেন বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করেন প্রমা।

তিনি জানান, বিষয়টি স্থানীয়ভাবে সমাধানের জন্য একাধিকবার চেষ্টা করা হলেও অভিযুক্তদের অসহযোগিতার কারণে তা সম্ভব হয়নি। পরে বাধ্য হয়ে আইনগত প্রতিকার চেয়ে থানায় লিখিত অভিযোগ করেন তিনি।

এদিকে হাইদগাঁও ইউনিয়ন পরিষদেও লিখিত অভিযোগ দিয়েছেন প্রমা। পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হেলাল উদ্দীন জানান, অভিযোগ পাওয়ার পর অভিযুক্ত পরিবারকে নোটিশ দিয়ে কয়েকবার ডাকা হলেও তারা সাড়া দেয়নি।

পটিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জুয়েল জানান, ওই নারীর লিখিত অভিযোগ পাওয়ার পর প্রবাসীর পরিবারকে ডাকা হয়েছিল। তবে তারা থানায় আসেনি। ভুক্তভোগী নারীকে আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

নিজের ও চার বছর বয়সী কন্যাসন্তানের ভবিষ্যৎ বিবেচনায় স্বামীর কাছ থেকে নিজের অধিকার ফিরে পেতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসনসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা চেয়েছেন প্রমা।

সংবাদ সম্মেলনে তার বাবা সনজিৎ দাশ, মা সুকলা দাশ এবং চার বছর বয়সী কন্যাসন্তান উপস্থিত ছিল।

অভিযোগের বিষয়ে অভিযুক্ত প্রবাসী স্বামীর বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।


নিউজনাউ/এসএইচআর/পিপিএন/২০২৬

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০