মূল লেখায় যান
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ · ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
প্রিয় চট্টগ্রাম

বধির সংস্থার নির্বাচন ঘিরে চট্টগ্রামে ইশারা-ইঙ্গিতে প্রচার

কেউ হাতের ইশারায় তুলে ধরছেন নিজের বক্তব্য, কেউ অঙ্গভঙ্গিতে জানাচ্ছেন সম্মতি। আবার কেউ নির্দিষ্ট নির্বাচনী প্রতীকের পক্ষে চাইছেন ভোট। প্রচলিত কথার বদলে ইশারা-ইঙ্গিতেই প্রার্থী ও ভোটারদের মধ্যে চলছে মতবিনিময়।

বধির সংস্থার নির্বাচন ঘিরে চট্টগ্রামে ইশারা-ইঙ্গিতে প্রচার

কেউ হাতের ইশারায় তুলে ধরছেন নিজের বক্তব্য, কেউ অঙ্গভঙ্গিতে জানাচ্ছেন সম্মতি। আবার কেউ নির্দিষ্ট নির্বাচনী প্রতীকের পক্ষে চাইছেন ভোট। প্রচলিত কথার বদলে ইশারা-ইঙ্গিতেই প্রার্থী ও ভোটারদের মধ্যে চলছে মতবিনিময়।

বাংলাদেশ জাতীয় বধির সংস্থার কার্যকরী পরিষদ নির্বাচন সামনে রেখে বুধবার (২১ অক্টোবর) রাতে চট্টগ্রাম নগরের কাজীর দেউড়ি এলাকায় চট্টগ্রাম বধির সংঘের অস্থায়ী কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আগামী ৩১ অক্টোবর ঢাকায় অনুষ্ঠেয় নির্বাচনে চট্টগ্রাম থেকে প্রায় ৩০০ সদস্যের অংশ নেওয়ার প্রস্তুতি চলছে।

সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম বধির সংঘের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবুল হাসনাত রাজা। স্বাগত বক্তব্য দেন সংগঠনটির সাধারণ সম্পাদক সৈয়দ গোলাম মোস্তফা।

সভায় কার্যকরী পরিষদের বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরা নিজেদের নির্বাচনী প্রতীকের পক্ষে ভোট চান। তাঁরা ভোটারদের উদ্দেশে বলেন, বধির ব্যক্তিদের অনেক সময় সমাজে ভিন্নভাবে দেখা হয়। নিজেদের অধিকার প্রতিষ্ঠা ও দাবি আদায়ে তাঁদের ঐক্যবদ্ধ হতে হবে। নিজেদের অধিকার নিজেদেরই আদায় করে নিতে হবে।

প্রার্থীদের মধ্যে সিদরাতুল মুনতাহার নির্বাচনী প্রতীক আম। সহসভাপতি পদপ্রার্থী মো. সাজ্জাদ হোসেনের প্রতীক জগ। তাঁরাও ভোটারদের কাছে নিজেদের পক্ষে সমর্থন চান।

সংগঠন সূত্রে জানা গেছে, তিন বছর পর বাংলাদেশ জাতীয় বধির সংস্থার কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে দেশের ৩৬ জেলার বধির ভোটাররা অংশ নেবেন। নির্বাচনে ভোট দিতে চট্টগ্রাম বধির সংঘের সদস্যরা বাসযোগে ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সংগঠনটির প্রায় ৩০০ সদস্য এবার ভোট দেবেন বলে জানা গেছে।

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০