মূল লেখায় যান
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ · ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাতীয়

বিমানবন্দরে লাগেজ হ্যান্ডলিং সরাসরি সম্প্রচারের দাবিতে আইনি নোটিশ

দেশের বিমানবন্দরগুলোতে যাত্রীদের লাগেজ কেটে মূল্যবান জিনিসপত্র চুরি ও লুটপাট বন্ধে পুরো লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়া সিসিটিভির মাধ্যমে সরাসরি সম্প্রচারের দাবি জানানো হয়েছে। এ দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

বিমানবন্দরে লাগেজ হ্যান্ডলিং সরাসরি সম্প্রচারের দাবিতে আইনি নোটিশ
ছবি: সংগৃহীত

দেশের বিমানবন্দরগুলোতে যাত্রীদের লাগেজ কেটে মূল্যবান জিনিসপত্র চুরি ও লুটপাট বন্ধে পুরো লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়া সিসিটিভির মাধ্যমে সরাসরি সম্প্রচারের দাবি জানানো হয়েছে। এ দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী মাহমুদুল হাসান মামুন জনস্বার্থে এ নোটিশ পাঠান। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এবং দেশের বিভিন্ন বিমানবন্দরের পরিচালক ও ব্যবস্থাপকদের নোটিশের বিষয়টি জানানো হয়েছে।

নোটিশে বলা হয়েছে, বিমানবন্দর বাংলাদেশের আন্তর্জাতিক প্রবেশদ্বার হলেও দীর্ঘদিন ধরে দেশে আসা ও বিদেশগামী যাত্রী, পর্যটক, কূটনীতিক, ব্যবসায়ী এবং বিশেষ করে প্রবাসী শ্রমিকদের লাগেজ চুরির অভিযোগ রয়েছে। উড়োজাহাজের কার্গো হোল্ড থেকে লাগেজ নামিয়ে কনভেয়ার বেল্টে পৌঁছানোর মধ্যবর্তী সময়ে একটি অসাধু চক্র তালাবদ্ধ লাগেজ কেটে মোবাইল ফোন, ল্যাপটপ, স্বর্ণালংকার, নগদ অর্থসহ মূল্যবান সামগ্রী চুরি করছে বলে নোটিশে অভিযোগ করা হয়েছে।

এ ধরনের ঘটনায় যাত্রীরা আর্থিক ক্ষতির পাশাপাশি মানসিক হয়রানির শিকার হচ্ছেন এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে। এসব কর্মকাণ্ডকে সংবিধানের ৪২ অনুচ্ছেদে থাকা সম্পত্তির মৌলিক অধিকার এবং ৩২ অনুচ্ছেদে বর্ণিত জীবনের অধিকারের সঙ্গে সাংঘর্ষিক বলেও উল্লেখ করা হয়েছে।

নোটিশে আরও অভিযোগ করা হয়, রানওয়ে ও ব্যাগেজ সর্টিং এলাকায় পর্যাপ্ত নজরদারি না থাকা এবং সিসিটিভির আওতার বাইরে থাকা জায়গাকে কাজে লাগিয়ে গ্রাউন্ড হ্যান্ডলিং কর্মী ও লোডাররা এসব অপরাধে জড়াচ্ছেন। তাই লাগেজ পরিবহনের পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

এ জন্য উড়োজাহাজের কার্গো হোল্ড থেকে লাগেজ খালাস, ট্রলিতে তোলা, র‍্যাম্প এলাকা পার হয়ে ব্যাগেজ বেল্টে পৌঁছানো পর্যন্ত প্রতিটি ধাপ উচ্চমানের সিসিটিভির আওতায় আনার কথা বলা হয়েছে। একই সঙ্গে অ্যারাইভাল লাউঞ্জে থাকা বড় পর্দায় এই কার্যক্রম সরাসরি দেখানোর দাবি জানানো হয়েছে।

নিরাপত্তা বা তল্লাশির প্রয়োজনে কাস্টমস কিংবা কোনো নিরাপত্তা সংস্থা কোনো যাত্রীর লাগেজ খুললে বা পরীক্ষা করলেও সেই কার্যক্রম ক্যামেরার মাধ্যমে সংশ্লিষ্ট যাত্রীর সামনে সরাসরি প্রদর্শনের ব্যবস্থা করার দাবি জানানো হয়েছে।

বিমানবন্দরের কর্মী নিয়োগে দুর্নীতি ও অনিয়ম বন্ধের বিষয়টিও নোটিশে গুরুত্ব পেয়েছে। এতে বলা হয়েছে, ঘুষ বা দুর্নীতির মাধ্যমে নিয়োগ পাওয়া কর্মীদের কাছ থেকে সততা ও নিষ্ঠা আশা করা কঠিন। এমন কর্মীরা নিয়োগে খরচ করা অর্থ তুলে নিতে গিয়ে যাত্রীদের লাগেজ কাটা ও মূল্যবান সামগ্রী চুরির মতো অপরাধে জড়িয়ে পড়তে পারেন বলেও নোটিশে অভিযোগ করা হয়েছে।

এ কারণে লোডার, গ্রাউন্ড হ্যান্ডলিং ও নিরাপত্তাকর্মী নিয়োগে ঘুষ ও অনিয়ম বন্ধে দুর্নীতি দমন কমিশনের সক্রিয় প্রাতিষ্ঠানিক নজরদারি এবং মেধাভিত্তিক ও স্বচ্ছ নিয়োগব্যবস্থা চালুর দাবি জানানো হয়েছে।

নোটিশে আগামী ১০ দিনের মধ্যে দেশের সব বিমানবন্দরে লাগেজ হ্যান্ডলিংয়ের পুরো প্রক্রিয়া সরাসরি সিসিটিভিতে সম্প্রচার, প্রকাশ্যে লাগেজ তল্লাশি নিশ্চিত এবং দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া বাস্তবায়নে প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনি পদক্ষেপ নেওয়ার অনুরোধ করা হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে এসব ব্যবস্থা নেওয়া না হলে জনস্বার্থে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রিট পিটিশন করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০