মূল লেখায় যান
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ · ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাতীয়

বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, বৃষ্টি নিয়ে নতুন বার্তা

বঙ্গোপসাগরে নতুন করে লঘুচাপ সৃষ্টি হলে আগামী কয়েক দিনের মধ্যে দেশের আবহাওয়ায় পরিবর্তন আসতে পারে। আগামী পাঁচ দিনের বেশির ভাগ সময় সারা দেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকলেও পূর্বাভাসের শেষ দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২৩ অক্টোবরের দিকে দক্ষিণ-পূর্ব ও তৎসংলগ্ন প

বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, বৃষ্টি নিয়ে নতুন বার্তা
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে নতুন করে লঘুচাপ সৃষ্টি হলে আগামী কয়েক দিনের মধ্যে দেশের আবহাওয়ায় পরিবর্তন আসতে পারে। আগামী পাঁচ দিনের বেশির ভাগ সময় সারা দেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকলেও পূর্বাভাসের শেষ দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২৩ অক্টোবরের দিকে দক্ষিণ-পূর্ব ও তৎসংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যা পরে আরও ঘনীভূত হওয়ার আশঙ্কা রয়েছে।

বুধবার (২১ অক্টোবর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসার দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর মধ্যেই ২৩ অক্টোবরের দিকে দক্ষিণ-পূর্ব ও তৎসংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে নতুন একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। পরবর্তী সময়ে এটি আরও শক্তিশালী হতে পারে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ৯টা পর্যন্ত সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, তবে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

এদিকে বুধবার সকালে রাজধানী ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯১ শতাংশ। এ সময় উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছিল।

পূর্বাভাস অনুযায়ী, ২২ অক্টোবর সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও সারা দেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আকাশ আংশিক মেঘলা থাকলেও দিন ও রাতের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।

২৩ অক্টোবর সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও আবহাওয়ার পরিস্থিতি প্রায় একই রকম থাকতে পারে। এ সময় দেশের বেশির ভাগ এলাকায় আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

২৪ অক্টোবরও সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে রাতের তাপমাত্রা কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে। এদিনও আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

অন্যদিকে, ২৫ অক্টোবর পর্যন্ত বর্ধিত পূর্বাভাসের শেষ দিকে সারা দেশে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বঙ্গোপসাগরে সম্ভাব্য লঘুচাপের পরবর্তী পরিস্থিতির ওপর নির্ভর করে আবহাওয়ার এই পরিবর্তন ঘটতে পারে।

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০