মূল লেখায় যান
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ · ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
প্রিয় চট্টগ্রাম

ছিনতাইকারীকে ধাওয়া করতে গিয়ে বাসের ধাক্কায় আহত পুলিশ কনস্টেবলের মৃত্যু

চট্টগ্রাম নগরীতে ছিনতাইকারী সন্দেহে তিন যুবককে ধাওয়া করার সময় বাসের ধাক্কায় গুরুতর আহত পুলিশ কনস্টেবল আল আমিন সরদার (২৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

ছিনতাইকারীকে ধাওয়া করতে গিয়ে বাসের ধাক্কায় আহত পুলিশ কনস্টেবলের মৃত্যু

চট্টগ্রাম নগরীতে ছিনতাইকারী সন্দেহে তিন যুবককে ধাওয়া করার সময় বাসের ধাক্কায় গুরুতর আহত পুলিশ কনস্টেবল আল আমিন সরদার (২৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

সোমবার (৫ অক্টোবর) ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আল আমিন সরদার চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) পুলিশ অর্ডার ম্যানেজমেন্ট শাখার কনস্টেবল পদে কোতোয়ালী থানায় সংযুক্ত ছিলেন। ২০২২ সালে তিনি বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন।

ঘটনার বিবরণী থেকে জানা যায়, রোববার সকাল সাড়ে ৬টার দিকে নগরীর ওয়াসা মোড় এলাকার একটি পুলিশ চেকপোস্টে দায়িত্ব পালনকালে সন্দেহভাজন তিন যুবককে থামার সংকেত দেয় পুলিশ। তাদের একজন হঠাৎ পালিয়ে যাওয়ার চেষ্টা করলে চেকপোস্ট ইনচার্জ এএসআই হিরণ মিয়া ও কনস্টেবল আল আমিন আলাদা পথে মোটরসাইকেল নিয়ে তাদের ধাওয়া শুরু করেন। ধাওয়াকালে জমিয়তুল ফালাহ মসজিদের উত্তর ও পশ্চিম ফটকের মাঝামাঝি এলাকায় একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের দ্রুতগামী বাস পেছন থেকে আল আমিনের মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি বাসটির নিচে পিষ্ট হয়ে প্রায় ৫০ থেকে ১০০ ফুট পর্যন্ত ছেঁচড়ে গিয়ে গুরুতর আহত হন।

ঘটনাস্থলে উপস্থিত অন্য পুলিশ সদস্যরা স্থানীয়দের সহায়তায় দ্রুত তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যান এবং তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে দীর্ঘ সময় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে সোমবার সকাল ৬টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির মর্মান্তিক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহের সুরতহাল সম্পন্ন করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চালানো হচ্ছে। এ ঘটনায় ঘাতক বাসের চালক মোশাররফ (৩৮) ও হেলপার জয় দাসকে (৩০) গ্রেফতারের পাশাপাশি সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করা হয়েছে। সিএমপির দক্ষিণ বিভাগের উপকমিশনার হাবিবুর রহমান প্রামাণিক জানান, কর্তব্যরত অবস্থায় কনস্টেবলের মৃত্যু হওয়ায় নিয়ম অনুযায়ী তার পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে।

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০