রাজধানীর পুরান ঢাকার চকবাজারে একটি সাততলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন প্রথমে ‘মনজুর খান প্লাজা’র ষষ্ঠ তলায় লাগলেও পরে তা পাশের আরেকটি ভবনেও ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে।
সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টা ৪ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে প্রথমে পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, ভবনের ভেতরে প্রচুর ধোঁয়া থাকায় আগুন নেভাতে ফায়ার ফাইটারদের বেগ পেতে হয়। একপর্যায়ে আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলেও পরে তা পাশের আরেকটি ভবনে ছড়িয়ে পড়ে। পরিস্থিতি মোকাবিলায় বর্তমানে মোট ৯টি ইউনিট কাজ করছে।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা হতাহতের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।









মন্তব্য
এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।