চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এসআরবি-৭-এর আভিযানিক দল বিশেষ অভিযান চালিয়ে মারসা পরিবহনের একটি যাত্রীবাহী বাস থেকে ৯ হাজার ৬২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। এ সময় যাত্রীবেশে ইয়াবা বহনকারী মো. ফরহাদ-উজ-জামান জয় (৩৪) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৮ লাখ ৮৬ হাজার টাকা।
গ্রেপ্তারকৃত মো. ফরহাদ-উজ-জামান জয় কক্সবাজার জেলার পটিয়া থানার পূর্ব মনসা এলাকার মো. ইদ্রিস মিয়ার ছেলে।
এসআরবি-৭, চট্টগ্রাম থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কক্সবাজার থেকে বাসযোগে ইয়াবার একটি চালান চন্দনাইশ হয়ে চট্টগ্রাম শহরের দিকে আসছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে গত ২০ সেপ্টেম্বর ২০২৬ইং তারিখ বিকেল ৩টা ৫৫ মিনিটে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের গাছবাড়িয়া বাইন্যপুকুর পাড় এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসানো হয়।
পরবর্তীতে বিকেল ৪টা ২০ মিনিটে কক্সবাজার থেকে ছেড়ে আসা ‘মারসা পরিবহন’ নামের একটি বাস চেকপোস্টে থামিয়ে তল্লাশি চালানো হয়। বাসের যাত্রীবেশে থাকা ফরহাদ-উজ-জামান জয়ের কাছে থাকা ব্যাগ ও শরীর তল্লাশি করে ৯ হাজার ৬২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এসআরবি-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার মোসলেহ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ তাকে চট্টগ্রাম জেলার চন্দনাইশ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।









মন্তব্য
এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।