চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবুধাবি থেকে আসা এক যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে রান্নাঘরের বাসনের ভেতরে বিশেষ কৌশলে লুকানো ৫৬৬ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মোহাম্মদ কামরুল ইসলাম নামে এক যাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার (১৮ অক্টোবর) আবুধাবি থেকে আসা একটি ফ্লাইটের ওই যাত্রীকে কাস্টমস হলে স্ক্যানিংয়ের সময় সন্দেহজনক হিসেবে চিহ্নিত করে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই)। পরে ডিজিএফআই, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও কাস্টমস গোয়েন্দারা যৌথ অভিযান চালিয়ে এসব স্বর্ণ উদ্ধার করে।
গ্রেপ্তারকৃত কামরুল ইসলামের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার দোনগ্রা এলাকায়।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, কামরুলের ব্যাগেজে থাকা নন-স্টিক প্যান, স্টেইনলেস স্টিলের সবজি ব্লেন্ডার ও বাসন রাখার স্ট্যান্ডের ভেতরে নিখুঁতভাবে ৪৬৬ গ্রাম ওজনের ৪টি স্বর্ণের দণ্ড লুকানো ছিল। এ ছাড়া তার শরীরে ১০০ গ্রাম ওজনের স্বর্ণের চুড়ি পাওয়া যায়। উদ্ধার হওয়া এই স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২০ লাখ ৪০ হাজার টাকা।
চট্টগ্রাম বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল জানান, জব্দকৃত স্বর্ণ বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে। একই সাথে গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা ও চোরাচালান আইনে মামলা করে পতেঙ্গা থানায় সোপর্দ করার আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।









মন্তব্য
এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।