জাতীয় গুরুত্বপূর্ণ 'ক' শ্রেণির কি পয়েন্ট ইন্সটলেশন (কেপিআই) হিসেবে নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সংরক্ষিত চত্বরের অভ্যন্তরীণ সুরক্ষায় চট্টগ্রাম বন্দর অভ্যন্তরে কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া ছবি তোলা, ভিডিও ধারণ এবং তা সামাজিক যোগাযোগমাধ্যম বা গণমাধ্যমে প্রচারে কড়া নিষেধাজ্ঞা জারি করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।
মঙ্গলবার (৬ অক্টোবর) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে এ কড়াকড়ি ও নিষেধাজ্ঞার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের প্রধান সামুদ্রিক বন্দর ও আন্তর্জাতিক বাণিজ্যের মূল অর্থনৈতিক প্রাণকেন্দ্র হিসেবে আন্তর্জাতিক মানদণ্ড (ISPS Code) অনুসরণ করে চট্টগ্রাম বন্দর কার্যক্রম পরিচালনা করছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আইন, ২০২২-এর ১২ ধারা অনুযায়ী বন্দর সীমানার অন্তর্ভুক্ত পুরো এলাকা একটি বিশেষ সংরক্ষিত অঞ্চল। তদুপরি, দ্য অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট, ১৯২৩-এর বিধান অনুযায়ী রাষ্ট্রের নিরাপত্তা ও স্বার্থসংশ্লিষ্ট সংবেদনশীল স্থান, তথ্য, ছবি বা ভিডিওচিত্র অননুমোদিতভাবে সংগ্রহ ও প্রকাশ করা শাস্তিযোগ্য অপরাধ।
বন্দর কর্তৃপক্ষ স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃপক্ষের পূর্বানুমতি ব্যতিরেকে বন্দরের প্রবেশপথ, নিরাপত্তা অবকাঠামো, নজরদারি ব্যবস্থা, জাহাজ ও কার্গো হ্যান্ডলিং অপারেশনাল কার্যক্রম কিংবা অন্য যেকোনো সংবেদনশীল স্থাপনার স্কেচ, ছবি বা ভিডিও চিত্রধারণ ও প্রচার করতে পারবে না।
এ সংক্রান্ত নিরাপত্তা নির্দেশনা অমান্য করে অননুমোদিত তথ্য ও চিত্র প্রচারের মাধ্যমে বন্দরের নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইন ও নিরাপত্তা বিধিমালা অনুযায়ী কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে হুশিয়ার করা হয়েছে।









মন্তব্য
এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।