দেশের অন্যতম শীর্ষস্থানীয় জাহাজ নির্মাণ ও ডকিং প্রতিষ্ঠান ‘চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড’ (সিডিডিএল) পরিদর্শন করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। পরিদর্শনের সময় প্রতিষ্ঠানটির ড্রাই ডকিং অবকাঠামো, বাণিজ্যিক জাহাজ মেরামত ও আধুনিক প্রযুক্তিনির্ভর জাহাজ তৈরির সার্বিক সক্ষমতা সরেজমিনে খতিয়ে দেখেন তিনি।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় অবস্থিত ঐতিহ্যবাহী এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানটি পরিদর্শন করেন বাণিজ্যমন্ত্রী। সেখানে এসে পৌঁছালে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান সিডিডিএলের ব্যবস্থাপনা পরিচালক কমডোর মোহাম্মদ জয়নাল আবেদীন।
পরিদর্শনকালে বাণিজ্যমন্ত্রী দেশের সামুদ্রিক অর্থনীতি বা ‘ব্লু-ইকোনমি’ জোরদারকরণে সিডিডিএলের কারিগরি সক্ষমতা ও বহুমুখী উৎপাদনশীলতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। সরকারের ‘মেইড ইন বাংলাদেশ’ নীতির আলোকেই এই রাষ্ট্রীয় ড্রাই ডকটি এখন প্রতিরক্ষা শিল্পের জন্য আধুনিক বিশ্বমানের ফ্রিগেট ও সামরিক যুদ্ধজাহাজ নির্মাণের প্রাথমিক কারিগরি প্রক্রিয়া শুরু করেছে।
উল্লেখ্য, ১৯৮৫ সালে বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করার পর লোকসানের মুখে পড়ে প্রতিষ্ঠানটি। পরবর্তীতে ২০১৫ সালের ২৩ ডিসেম্বর বাংলাদেশ নৌবাহিনীর নিকট এর মালিকানা ও পরিচালনা হস্তান্তর করা হয়। নৌবাহিনীর দক্ষ ব্যবস্থাপনায় দায়িত্ব নেওয়ার পর থেকে এ পর্যন্ত ১০৩৬টি দেশি-বিদেশি ড্রাইডকিং ও ভাসমান জাহাজ সফলভাবে মেরামত করেছে সিডিডিএল।
আন্তর্জাতিক গুণমানের জন্য আইএসও সনদপ্রাপ্ত এই প্রতিষ্ঠানটি বর্তমানে সার, চিনি, কেমিক্যাল কারখানা ও বিদ্যুৎকেন্দ্রের ভারি স্টিল কাঠামো তৈরিতেও বিশেষ অবদান রাখছে। নৌবাহিনীর হাতে হস্তান্তরের পর এটি যেভাবে অর্থনৈতিক সাফল্য অর্জন করেছে, তা দেশের প্রতিরক্ষা খাত ও মেগা শিপবিল্ডিং শিল্পকে আত্মনির্ভরশীলতার এক নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আশাবাদ প্রকাশ করা হয়।









মন্তব্য
এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।